ইরান ফুটবল ফেডারেশন অভিযোগ করেছে যে, যুক্তরাষ্ট্র তাদের জাতীয় দলের বিশ্বকাপ ম্যাচের জন্য নির্ধারিত টিকিট বরাদ্দ বাতিল করেছে। বিশ্বকাপের শুরুর আগে এই ঘটনা নতুন করে কূটনৈতিক উত্তেজনার সৃষ্টি করেছে। ইরান ফেডারেশন জানিয়েছে, স্বাগতিক দেশটি ইরানের সমর্থকদের মাঠে উপস্থিতিতে বাধা সৃষ্টি করছে। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে ফেডারেশন জানায়, বিশ্বকাপের শুরুর মাত্র তিন দিন বাকি থাকতে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিল, যা আন্তর্জাতিক প্রতিযোগিতার মূল স্পিরিট বা চেতনার পরিপন্থী।
ইরান ফুটবল ফেডারেশন দাবি করেছে যে ফিফার নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী প্রতিটি দেশের ফেডারেশন প্রতিটি ম্যাচের মোট টিকিটের আট শতাংশ পাওয়ার অধিকার রাখে। এই টিকিটগুলো ফেডারেশনের মাধ্যমে তাদের সমর্থকদের কাছে বিতরণের কথা। ইরান এরই মধ্যে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল। কিন্তু হঠাৎ করেই তাদের বরাদ্দ বাতিল করা হয়েছে। ফেডারেশনের ভাষ্যমতে, বর্তমান পরিস্থিতিতে একজন সমর্থকের জন্যও টিকিট সরবরাহ করা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
এই ঘটনার প্রেক্ষাপটে ইরান কর্তৃপক্ষের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রাজনৈতিক ও কূটনৈতিক বিরোধের বিষয়টি সামনে এসেছে। এর আগে ভিসা জটিলতার কারণে ইরানের বেশ কয়েকজন প্রশাসনিক ও ব্যবস্থাপনা কর্মীর যুক্তরাষ্ট্র প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে তেহরান। এ কারণে ইরান তাদের বিশ্বকাপ প্রশিক্ষণের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিজুয়ানাতে স্থানান্তর করেছে।
ইরান ফুটবল ফেডারেশন ফিফা এবং টুর্নামেন্ট আয়োজকদের প্রতি নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে যেন ইরানের সমর্থকরা মাঠে উপস্থিত থাকতে পারে। তবে এখন পর্যন্ত ফিফা বা যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এই অভিযোগের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, ইরান আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে ইরান। সমর্থকদের মাঠে আসার সুযোগ নিয়ে এই বিতর্ক শেষ পর্যন্ত টুর্নামেন্টের ওপর কতটা প্রভাব ফেলে, তা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
