দেশের বাজারে আরেক দফায় কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে। এর ফলে ভালো মানের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। বুধবার সকাল ১০টা থেকে সারাদেশে এই নতুন দাম কার্যকর করা হয়েছে।
মাত্র ছয় দিনের ব্যবধানে তিনবার মূল্যবান এই ধাতুটির দাম কমানো হলো।

স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের মূল্য উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার কারণেই নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। সংশোধিত দাম অনুযায়ী দেশের বাজারে এখন থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকায় বিক্রি হবে। ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
সব মিলিয়ে এই তিন দফায় ভরিতে মোট ৮ হাজার ৭৪৮ টাকা কমানো হয়েছে স্বর্ণের দাম।
এর আগে গত ১৬ মে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছিল এবং সেদিন ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। তার ঠিক আগের দিন ১৫ মে ভরিতে দাম কমেছিল ২ হাজার ২১৬ টাকা। চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত ৬৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৫ বার বাড়ানো হয় এবং ৩১ বার কমানো হয়। গত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করেছিল বাজুস।
