দেশের অন্যতম শীর্ষস্থানীয় অ্যালুমিনিয়াম প্রোফাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান কাই-এ্যালটেক গ্রুপের বার্ষিক ডিলার কনফারেন্স ২০২৫-২০২৬ চীনের সাংহাই শহরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক এই সম্মেলনে কাই-এ্যালটেক গ্রুপের ধারাবাহিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য নির্বাচিত ডিলারদের বিশেষ সম্মাননা ও পুরস্কারে ভূষিত করা হয়। ব্যবসায়িক সাফল্য উদযাপন, পারস্পরিক অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা নিয়ে এই আন্তর্জাতিক সেমিনারে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
অনুষ্ঠানে কাই-এ্যালটেক গ্রুপের শীর্ষ কর্মকর্তা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সফল ডিলাররা উপস্থিত ছিলেন।
সম্মেলনের মূল পর্বে উপস্থিত ছিলেন কাই-এ্যালটেক গ্রুপের চেয়ারম্যান ইব্রাহীম ডি মামুন, ব্যবস্থাপনা পরিচালক আল আমিন মুর্শেদসহ অন্যান্য পরিচালকবৃন্দ। ডিলারদের আন্তরিক অবদান বিশেষভাবে তুলে ধরে কোম্পানির পরিচালকেরা জানান, উন্নত প্রযুক্তি, ডিলারদের নিরলস সহযোগিতা এবং পণ্যের ওপর গ্রাহকদের অবিচল আস্থার কারণেই দেশের অ্যালুমিনিয়াম প্রোফাইল শিল্পে প্রতিষ্ঠানটি একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ও আধুনিক সেবার মাধ্যমে এই গ্রুপ দেশের সামগ্রিক শিল্পখাতে বড় ধরনের অবদান রেখে যাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।
জাঁকজমকপূর্ণ এই বৈশ্বিক আয়োজনের মধ্য দিয়ে অংশগ্রহণকারী ডিলার ও কর্মকর্তারা কেবল করপোরেট অভিজ্ঞতাই অর্জন করেননি; বরং আন্তর্জাতিক পরিবেশে পারস্পরিক ব্যবসায়িক কৌশল বিনিময়, সুসম্পর্ক স্থাপন এবং নতুন সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ পেয়েছেন। বাংলাদেশের ক্রমবর্ধমান আবাসন ও পরিকাঠামো নির্মাণ শিল্পে অ্যালুমিনিয়ামের চাহিদা মেটাতে কাই-এ্যালটেক গ্রুপ তাদের প্রযুক্তিগত আধুনিকায়ন অব্যাহত রাখবে বলে নিউজরুমকে জানানো হয়েছে।
