বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

পল্লবীতে শিশু খুন: ঘাতকের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২০, ২০২৬, ০৬:৩৪ পিএম

পল্লবীতে শিশু খুন: ঘাতকের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত বিচার দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জাতীয় সংসদের বিরোধীদলীয় এই নেতা দোষীদের কঠোর শাস্তির আহ্বান জানিয়েছেন। বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই দাবি জানান।

নিষ্পাপ এই শিশুর মর্মান্তিক মৃত্যুতে মানবতা লজ্জিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ফেসবুক পোস্টে নিহত শিশুর প্রতি গভীর শোক ও ভালোবাসা প্রকাশ করেছেন জামায়াত আমির। তিনি লেখেন, রামিসা এখনো পুরোপুরি ফুটে ওঠার আগেই ঝরে গেছে। শিশুটি তার মা-বাবা ও বোনের ভবিষ্যতের এক অপূরণীয় স্বপ্ন ছিল। ঘাতকের লালসার কাছে এই মৃত্যু হার মানেনি বরং ঘাতক চিরদিন অভিশপ্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

এই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার এবং নরপশু হত্যাকারীর শাস্তি অতি দ্রুত নিশ্চিত করার দাবি জানান এই প্রবীণ রাজনীতিক।

রাজধানীর পল্লবী এলাকায় এই লোমহর্ষক হত্যাকাণ্ডের পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। শফিকুর রহমান তার পোস্টে নিহত রামিসাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পিতা-মাতা এবং স্বজনদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন।

banner
Link copied!