রবিবার, ২৪ মে, ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

আজ রাতে মিনার পথে লাখো হাজি: শুরু হচ্ছে হজের মূল কার্যক্রম

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২৪, ২০২৬, ০৬:২৩ পিএম

আজ রাতে মিনার পথে লাখো হাজি: শুরু হচ্ছে হজের মূল কার্যক্রম

পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সোমবার ৮ জিলহজ সকাল থেকে। বিশ্বের লাখো মুসল্লি মিনায় অবস্থানের মাধ্যমে হজের মূল ইবাদতে শামিল হচ্ছেন। হাজিদের যাত্রা নির্বিঘ্ন করতে সৌদি সরকারের নেওয়া নির্দেশনা মেনে রবিবার রাত থেকেই তারা মিনার উদ্দেশে রওনা হচ্ছেন।মিনায় সমবেত হচ্ছেন লাখো মুসল্লি।

শরিয়তের বিধান অনুযায়ী ৮ জিলহজ হাজিরা মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। এরপর ৯ জিলহজ মঙ্গলবার সকালে তারা আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন। ইসলামের নিয়ম অনুযায়ী, আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের প্রধান রুকন। সেখানে খুতবা শেষে হাজিরা একসঙ্গে জোহর ও আছরের নামাজ আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত ইবাদতে মশগুল থাকবেন।

সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন তারা। পরদিন ১০ জিলহজ ফজরের আগে মুজদালিফা থেকে মিনায় ফিরে বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন হাজিরা। এরপর পশু কোরবানি এবং মাথা মুণ্ডন বা চুল ছোট করার আনুষ্ঠানিকতা পালন করবেন তারা।

১১ ও ১২ জিলহজ বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর ১২ জিলহজ সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করবেন হাজিরা। এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৬ থেকে ১৮ লাখ মুসলমান হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ থেকে চলতি বছর প্রায় সাড়ে ৭৮ হাজার মুসল্লি হজে অংশ নিয়েছেন।

banner
Link copied!