হজ ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটি ফরজ বিধান। এটি কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম নয়, বরং মুসলিম উম্মাহর আধ্যাত্মিক, সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক জীবনের এক বিশাল কেন্দ্রবিন্দু। যুগ যুগ ধরে হজ মুসলিম সভ্যতার বিকাশে এক অনন্য ভূমিকা পালন করে আসছে। ভাষা, জাতি, বর্ণ ও ভৌগোলিক সীমারেখাকে অতিক্রম করে এটি বিশ্ব মুসলিমের মধ্যে যে সংহতি ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে, তা পৃথিবীর আর কোনো ইবাদতে এত স্পষ্টভাবে পরিলক্ষিত হয় না।
হজ হলো এক মহাজাগতিক মিলনমেলা।
হজের সবচেয়ে বড় অবদান মুসলিম উম্মাহর চিন্তার গঠনে। প্রতিবছর বিশ্বের প্রান্ত থেকে লাখো মানুষ যখন একই সময়ে, একই স্থানে সমবেত হন, তখন তারা পার্থিব সব বৈষম্য ভুলে যান। তারা একই পোশাক পরে ইবাদত করেন, যা ঈমান ও ইসলামকে ঐক্যের একমাত্র মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করে। এই অভিজ্ঞতা তাদের জাগতিক সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে অভিন্ন সত্তায় বিশ্বাস করতে শেখায়।
জ্ঞানতত্ত্ব ও অর্থনীতির সংযোগস্থল
ইসলামের সূচনাকাল থেকেই জ্ঞানপিপাসুরা হজকে জ্ঞান আহরণের সুযোগ হিসেবে ব্যবহার করেছেন। হাদিস শাস্ত্রের বিকাশে হজের অবদান অনস্বীকার্য। ইমাম বুখারি (রহ.), ইমাম মুসলিম (রহ.) থেকে শুরু করে উপমহাদেশের শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি (রহ.) পর্যন্ত বিখ্যাত মুহাদ্দিসরা হজের সফরে জ্ঞান বিতরণ ও অর্জনের কাজ করেছেন। বাংলাদেশে হাজি শরীয়তুল্লাহ (রহ.) হজ থেকে ফিরে যে সামাজিক সংস্কার আন্দোলন গড়ে তুলেছিলেন, তার মূলেও ছিল হজের শিক্ষা। এখনো মসজিদুল হারাম ও মসজিদে নববীর প্রাঙ্গণ বিশ্বের বড় বড় আলেমদের জ্ঞানের সেতুবন্ধন হিসেবে কাজ করছে।
হজের সঙ্গে অর্থনীতি ও বাণিজ্যের সম্পর্কও সুপ্রাচীন। ইসলামপূর্ব আরবেও হজের সময় বাণিজ্য মেলার প্রচলন ছিল। মহানবী (সা.)-এর শামে যাত্রাপথ পরবর্তীকালে প্রধান হজপথ ও বাণিজ্যপথে পরিণত হয়। প্রাচীনকালে সিরিয়ার বোসরা নগরীর মতো বাণিজ্য কেন্দ্রগুলো হাজিদের যাত্রাবিরতিকে কেন্দ্র করেই বিকশিত হয়েছিল। এই হজপথকে কেন্দ্র করে আরব, ভারত, মধ্য এশিয়া ও আফ্রিকার ব্যবসায়ীরা পণ্যের আদান-প্রদান করতেন। আজও হজের মাধ্যমে আন্তর্জাতিক বাজারের নতুন নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে, যা বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।
ভূগোল, রাজনীতি ও আধ্যাত্মিকতার বিকাশ
ভ্রমণ ও ভূগোলচর্চায় হজ মুসলমানদের অনন্য উৎসাহ দিয়েছে। ইবনে বতুতা, ইবনে জুবাইর কিংবা ইবনে রুশাইদ ফিহরির মতো পর্যটকদের রচিত সফরনামা আমাদের সভ্যতার ঐতিহাসিক দলিল হিসেবে টিকে আছে। তাদের লেখায় সমকালীন রাজনীতি, যোগাযোগ ব্যবস্থা ও সংস্কৃতির যে বিবরণ পাওয়া যায়, তা অতুলনীয়। রাজনৈতিক সংহতির ক্ষেত্রেও হজ বড় ভূমিকা রেখেছে। ঔপনিবেশিক শাসনামলে মুক্তি আন্দোলন ত্বরান্বিত করতে শায়খুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি বা সাইয়েদ হুসাইন মাদানি (রহ.)-এর মতো নেতারা হজের সময় হাজিদের মাধ্যমে বার্তা পাঠাতেন।
আধ্যাত্মিক বিকাশে হজের ভূমিকা সবচেয়ে গভীর। এটি মূলত প্রেম ও ভালোবাসার সফর। সারা পৃথিবী থেকে মানুষ এখানে ছুটে আসে মহান রবের ভালোবাসা ও রাসুল (সা.)-এর সান্নিধ্য লাভের আশায়। এই আধ্যাত্মিক আদান-প্রদানই সারা বিশ্বে সুফি তরিকাগুলোর বিস্তারে সহায়তা করেছে। হজ আমাদের শেখায় দাসত্বের অঙ্গীকার, প্রভুর কাছে আত্মসমর্পণ ও একত্ববাদের চূড়ান্ত ঘোষণা। শিরকমুক্ত জীবন গড়ার যে দীক্ষা হজ দেয়, তা প্রতিটি মুমিনের জীবনে চিরস্থায়ী প্রভাব ফেলে।
