বছর ঘুরে আবার আসছে উৎসবের আমেজ। ঈদ মানেই সকাল থেকে রাত পর্যন্ত পাতে গরুর মাংসের হরেক রকম পদ। ভুনা, ঝোল কিংবা রেজালার মতো পরিচিত খাবারগুলো বহুদিন ধরেই চলছে।এবার এই একঘেয়েমি কাটাতে পারেন বিফ কোফতা সালাদ রেসিপি দিয়ে।
খুব সহজেই বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে এটি তৈরি করা সম্ভব। মাংসের কিমার সঙ্গে আদা-রসুন বাটা, মিহি করা পেঁয়াজ, কাঁচা মরিচ কুচি এবং পরিমাণমতো কাবাব মসলা ভালোভাবে মেখে নিতে হবে। এরপর মিশ্রণটি দিয়ে ছোট ছোট আকারের কোফতা বানিয়ে নিন। গরম ডুবো তেলে সেগুলো লালচে ও একদম মুচমুচে করে ভেজে তুলে রাখুন।

সালাদের আসল স্বাদ লুকিয়ে থাকে এর বিশেষ সসে। একটি আলাদা পাত্রে চিলি সস, টমেটো কেচাপ, সয়া সস, ওয়েস্টার সস, ব্রাউন সুগার এবং লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিতে হবে। স্বাদমতো লবণ ও সামান্য গোলমরিচের গুঁড়া দিলে এর স্বাদ বহুগুণ বেড়ে যায়।
সবশেষে একটি বড় পরিবেশন পাত্রে ভাজা কোফতাগুলো নিন। এর মধ্যে আগে থেকে তৈরি করা সস, ভাজা কাজুবাদাম, পেঁয়াজ, টমেটো, শসা এবং ক্যাপসিকাম কুচি দিয়ে আলতো করে মেখে নিন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ও সতেজ বিফ কোফতা সালাদ।
