মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

গরমে আম দিয়ে ম্যাঙ্গো চিজ কেক: ওভেন ছাড়াই সহজ রেসিপি

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : জুন ৯, ২০২৬, ০৯:৫৩ পিএম

গরমে আম দিয়ে ম্যাঙ্গো চিজ কেক: ওভেন ছাড়াই সহজ রেসিপি

ছবি : সংগৃহীত

বাজারজুড়ে এখন আমের সমারোহ। ফলের রাজা আমের মৌসুমে সাধারণ খাবারের পাশাপাশি অনেকেই ভিন্নধর্মী ডেজার্ট খুঁজছেন। নাম শুনলে অনেকের মনে হতে পারে চিজ কেক বানানো খুব কঠিন কাজ, কিন্তু ওভেনের ঝামেলা ছাড়াই ঘরে খুব সহজে তৈরি করা সম্ভব সুস্বাদু ম্যাঙ্গো চিজ কেক। বিকেলের নাশতা কিংবা বিশেষ কোনো অতিথি আপ্যায়নে এই ডেজার্টটি দারুণ সাড়া ফেলবে। নিচে এর সহজ প্রণালি বিস্তারিত আলোচনা করা হলো।

প্রথমে উপকরণগুলো সংগ্রহ করে নিন। মূল উপকরণের মধ্যে প্রয়োজন ২০ থেকে ২৫টি ডাইজেস্টভ বিস্কুট, তিন-চতুর্থাংশ কাপ গলানো মাখন, দেড় কাপ ক্রিম চিজ, এক কাপ পাকা আমের ক্বাথ বা পাল্প, দেড় কাপ হুইপড ক্রিম, তিন-চতুর্থাংশ কাপ গুঁড়া চিনি, একটি বড় সাইজের আম এবং এক টেবিল চামচ আগার আগার পাউডার।

প্রস্তুত প্রণালির প্রথম ধাপে বিস্কুটগুলো ব্লেন্ডারে দিয়ে মিহি গুঁড়া করে নিন। এরপর একটি বড় পাত্রে বিস্কুটের গুঁড়ার সঙ্গে গলানো মাখন খুব ভালোভাবে মিশিয়ে নিন। একটি চৌকো বা ডিম্বাকৃতির কাঁচের পাত্র বেছে নিন। এবার এই বিস্কুট ও মাখনের মিশ্রণটি পাত্রের নিচে ঢেলে চামচ দিয়ে চেপে চেপে সমানভাবে বিছিয়ে দিন। এটি কেকের বেস হিসেবে কাজ করবে। পাত্রটি অন্তত আধ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন যাতে এটি ভালোভাবে সেট হয়ে যায়।

 

 

 

 

দ্বিতীয় ধাপে একটি আলাদা পাত্রে ক্রিম চিজ, আমের ক্বাথ, গুঁড়া চিনি এবং হুইপড ক্রিম নিয়ে ভালোভাবে বিট করে বা মিশিয়ে নিন। মিশ্রণটি একদম মসৃণ ও ঘন হতে হবে। এবার ফ্রিজ থেকে পাত্রটি বের করে বিস্কুটের স্তরের ওপর আমের এই মিশ্রণটি ঢেলে দিন। চামচ দিয়ে ওপরের অংশ সমান করে নিন। এবার পাত্রটি ফ্রিজে অন্তত আট ঘণ্টার জন্য রেখে দিন। এই দীর্ঘ সময় ফ্রিজে রাখলে কেকটি সুন্দরভাবে জমে যাবে।

তৃতীয় ধাপে জেলির অংশ তৈরির জন্য একটি ব্লেন্ডারে এক কাপ আমের টুকরা, সামান্য চিনি ও পানি দিয়ে পাতলা মিশ্রণ তৈরি করে নিন। এই মিশ্রণে আগার আগার পাউডার মিশিয়ে সামান্য জ্বাল দিয়ে ঘন করে নিন। সবশেষে ফ্রিজ থেকে পাত্রটি বের করে এই জেলি মিশ্রণটি কেকের ওপর ঢেলে দিন। আবার এক ঘণ্টা ফ্রিজে রাখুন। তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ম্যাঙ্গো চিজ কেক। ওভেন ছাড়াই এই পদ্ধতি অনুসরণ করলে আপনি দোকানের চেয়েও সুস্বাদু ডেজার্ট ঘরেই তৈরি করতে পারবেন। পরিবেশনের সময় উপরে কিছু তাজা আমের স্লাইস সাজিয়ে দিলে এর সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়।

banner
Link copied!