বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

নিম-চন্দন ও হলুদের গুণ: আয়ুর্বেদ চিকিৎসার পুনরুত্থান

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ১৮, ২০২৬, ১০:৩১ পিএম

নিম-চন্দন ও হলুদের গুণ: আয়ুর্বেদ চিকিৎসার পুনরুত্থান

রান্নায় হলুদের ব্যবহার, লিভার ভালো রাখতে চিরতার রস কিংবা রূপচর্চায় নিম ও চন্দনের ব্যবহার কেবল ঘরোয়া টোটকা নয়, বরং এগুলো বহু পুরোনো ঐতিহ্যবাহী আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের চরম উৎকর্ষের যুগেও বিশ্বজুড়ে প্রাচীন এই ভেষজ ও প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির প্রতি মানুষের ভরসা নতুন করে ফিরে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, আয়ুর্বেদ কেবল সাময়িকভাবে রোগ সারানোর কোনো মাধ্যম নয়, বরং এটি মানুষের শরীর, মন এবং সামগ্রিক জীবনযাত্রার মধ্যে একটি নিবিড় ভারসাম্য বজায় রাখার বিজ্ঞানসম্মত পদ্ধতি।

প্রায় ৫ হাজার বছরের পুরোনো এই চিকিৎসাপদ্ধতির আদি উৎপত্তি ঘটেছিল প্রাচীন ভারতীয় উপমহাদেশে।

প্রকৃতির সাথে মানবদেহের এই মেলবন্ধনের ওপর ভিত্তি করেই মূলত এই চিকিৎসা ব্যবস্থাটি গড়ে উঠেছে, যা বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে এখনও ব্যাপকভাবে সমাদৃত। এই ভেষজ চিকিৎসায় বিভিন্ন ঔষধি গাছগাছড়া, গাছের শিকড়, পাতা, ফুল এবং প্রাকৃতিকভাবে উৎপাদিত উপাদান ব্যবহার করে সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়াহীন ওষুধ তৈরি করা হয়। ওষুধের পাশাপাশি নিয়মিত যোগব্যায়াম, ধ্যান এবং বিশেষ ভেষজ তেল মালিশও এই প্রাচীন চিকিৎসা পদ্ধতির অন্যতম প্রধান অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়ে আসছে। আয়ুর্বেদ শরিয়ত বা নীতি অনুযায়ী, মানুষের সুস্থ ও দীর্ঘ জীবনের মূল ভিত্তি হলো তার প্রতিদিনের সঠিক খাদ্যাভ্যাস।

ভুল ও অনিয়মিত খাদ্যাভ্যাস শরীরে নানা জটিল রোগ তৈরি করে বিধায় পরিপাকতন্ত্রকে ভালো রাখা এবং পুষ্টিকর খাবার খাওয়ার ওপর এখানে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে কৃত্রিম রাসায়নিক ও পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত ওষুধের ব্যবহার এড়াতে মানুষ ব্যাপকভাবে এই ভেষজ চিকিৎসার দিকে ঝুঁকছে, যার ধারাবাহিকতায় বাংলাদেশেও প্রাতিষ্ঠানিকভাবে আয়ুর্বেদিক কলেজ ও নিরাময় কেন্দ্র গড়ে উঠেছে। তবে প্রাকৃতিক উপাদান হলেই যে তা সবার জন্য সমান নিরাপদ, এই ধারণাটি সম্পূর্ণ সঠিক নয় বলে সতর্ক করেছেন আধুনিক চিকিৎসকরা। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু এবং দীর্ঘমেয়াদি জটিল রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া যেকোনো ভেষজ উপাদান ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে।

banner
Link copied!