রবিবার, ২৪ মে, ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

মঞ্চে ফিরলেন ফেলিসিটি কেন্ডাল, আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে ক্ষোভ

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২৪, ২০২৬, ০৪:২৭ পিএম

মঞ্চে ফিরলেন ফেলিসিটি কেন্ডাল, আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে ক্ষোভ

ব্রিটিশ অভিনেত্রী ফেলিসিটি কেন্ডাল ৭৯ বছর বয়সেও অভিনয় জগতে নিজের দাপট ধরে রেখেছেন। বারবিকান থিয়েটারে এখন তিনি ব্যস্ত রয়েছেন নতুন নাটক ‘হাই সোসাইটি’র প্রস্তুতি নিয়ে। নিজের এই বয়সেও তিনি যে শারীরিক সক্ষমতা বজায় রেখেছেন, তা অনেকের জন্যই অনুপ্রেরণার। তবে আধুনিক যুগের কিছু দৃষ্টিভঙ্গি ও সামাজিক সংবেদনশীলতা নিয়ে তিনি কিছুটা বিরক্ত।ব্যায়ামের প্রতি তার আগ্রহ অটুট।

ড্রেসিং রুমে কথা বলার সময় তিনি জানান, কাউকে শারীরিকভাবে প্রশংসা করাটা এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। আগে যে ধরনের প্রশংসা বা মন্তব্য মানুষ সহজে করত, এখন তার জায়গা দখল করেছে ভয়ের সংস্কৃতি। তিনি জানান, কাউকে কোনো বিষয়ে ইতিবাচক মন্তব্য করলেও এখন মানুষ ভেবে দেখে যে সেটি কোনোভাবে অস্বস্তি তৈরি করবে কি না। তার মতে, এই ধরনের অতিরিক্ত সতর্কতা মানুষের মধ্যেকার সহজ কথোপকথনের ধরন বা ‘ব্যানটার’ হারিয়ে ফেলছে।

ফেলিসিটি কেন্ডাল ক্যারিয়ারের এই পর্যায়ে এসে বেছে বেছে কাজ করছেন। ‘হাই সোসাইটি’ নাটকে তিনি ‘মাদার লর্ড’ চরিত্রে অভিনয় করছেন। এই চরিত্রটিকে তিনি প্রচলিত ঘরানার চেয়ে কিছুটা ভিন্ন ও চটপটে করে উপস্থাপন করছেন। গত দুই বছরে এটি তার তৃতীয় বড় মঞ্চনাটক। উল্লেখ্য, ২০২৩ সালে তার দ্বিতীয় স্বামী ও পরিচালক মাইকেল রুডম্যানের মৃত্যুর পর নিজেকে কাজে ব্যস্ত রাখছেন তিনি। ব্যক্তিগত শোক কাটিয়ে ওঠার ক্ষেত্রে এই মঞ্চই তার আশ্রয়স্থল হয়ে উঠেছে।

তার শৈশব কেটেছে ভারতে, যেখানে তার বাবা-মায়ের ভ্রমণকারী নাট্যদল ছিল। সেখানকার জীবন ছিল অনিশ্চয়তায় ভরা কিন্তু শৈল্পিক। ১৯ বছর বয়সে তিনি ইংল্যান্ডে আসেন অভিনয়ের স্বপ্ন নিয়ে। ১৯৭৫ সালে ‘দ্য গুড লাইফ’ নামক সিটকমের মাধ্যমে তিনি ব্রিটিশ দর্শকের ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন। সেই সময়কার দর্শকদের কাছে তিনি যেভাবে জনপ্রিয় হয়েছিলেন, তা ছিল তার ক্যারিয়ারের মোড় ঘোরানো ঘটনা। তবে হলিউডের চকচকে ক্যারিয়ারের চেয়ে তিনি মঞ্চনাটককেই বেশি প্রাধান্য দিয়েছেন সবসময়।

অভিনেত্রী জানান, আজকের দিনে সেলফি ও ফিল্টারের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা তাকে কিছুটা চিন্তায় ফেলে। কান চলচ্চিত্র উৎসবে বয়স্ক অভিনেত্রীদের কৃত্রিম সৌন্দর্যের প্রদর্শনীকে তিনি ‘ভয়ংকর’ বলে অভিহিত করেছেন। তার মতে, বয়স হওয়াটা জীবনের একটি স্বাভাবিক অংশ এবং একে কৃত্রিমভাবে ঢেকে রাখার চেয়ে মেনে নেওয়াটাই শ্রেয়।

আগামী সেপ্টেম্বরে ৮০ বছরে পা দিতে চলেছেন এই অভিনেত্রী। কিন্তু থামার কোনো লক্ষণ নেই তার মধ্যে। তিনি আরও কাজ করতে চান এবং অভিনয়ের মাধ্যমেই জীবনের এই নতুন অধ্যায়টি উপভোগ করছেন।

banner
Link copied!