মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে কূটনৈতিক আলোচনার সুযোগ করে দিতে ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এই অপ্রত্যাশিত সিদ্ধান্তের পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম তাৎক্ষণিকভাবে ১ দশমিক ৫ শতাংশ কমে গেছে। আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবস্থানের কারণে পারস্য উপসাগরে সাময়িক উত্তেজনা হ্রাস পাওয়ায় তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কমেছে, যার সরাসরি প্রভাব পড়েছে বাজার সূচকে।
এই ভূ-রাজনৈতিক নাটকীয় মোড়ের জেরে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড এবং মার্কিন ডব্লিউটিআই উভয়ের দামই নিম্নমুখী হয়েছে।
মঙ্গলবার সকালে আন্তর্জাতিক বাজারে জুলাই মাসের ব্রেন্ট ক্রুডের দাম ১ ডলার ৭৩ সেন্ট বা ১ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১১০ ডলার ৩৭ ডলারে বিক্রি হচ্ছে। একই সঙ্গে জুন মাসের ডেলিভারির জন্য আমেরিকান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সেস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৩ সেন্ট বা ০ দশমিক ৬০ শতাংশ কমে ১০৮ ডলার ০৩ ডলারে দাঁড়িয়েছে। তবে স্যাক্সো ব্যাংকের বাজার বিশ্লেষক ওলে হ্যানসেন সতর্ক করে বলেছেন যে, ভূ-রাজনৈতিক সিদ্ধান্ত যেকোনো সময় পরিবর্তন হতে পারে এবং বাজারে এখনো যুদ্ধের স্থায়ী অবসানের কোনো অর্থপূর্ণ অগ্রগতি হয়নি। ফলে যেকোনো মুহূর্তে জ্বালানির বাজার আবার অস্থির হয়ে ওঠার ঝুঁকি থেকেই যায়।
এর আগে সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের অনুরোধেই তিনি এই সামরিক হামলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। মধ্যপ্রাচ্যের এই তিন মিত্র দেশ সমঝোতায় পৌঁছানোর জন্য মার্কিন প্রশাসনকে ইরানের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিল। তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, মার্কিন সেনাবাহিনীকে ইরানের বড় ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে বলা হয়েছে এবং কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে এক মুহূর্তের নোটিশে হামলা শুরু হবে।
