বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

কলকাতায় অভিষেকের বাড়ি ভাঙার নোটিশ, তুঙ্গে রাজনৈতিক সংঘাত

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ১৯, ২০২৬, ০৯:৩৬ পিএম

কলকাতায় অভিষেকের বাড়ি ভাঙার নোটিশ, তুঙ্গে রাজনৈতিক সংঘাত

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার বাসভবনের একটি অংশ ভেঙে ফেলার জন্য ৭ দিনের আলটিমেটাম দিয়ে সমন জারি করেছে কলকাতা পুরসভা। সোমবার পুরসভার বিল্ডিং বিভাগ থেকে অনুমোদন ছাড়া অবৈধভাবে বহুতল নির্মাণের অভিযোগে এই নোটিশ পাঠানো হয়েছে। বিধানসভা নির্বাচনের পর রাজ্যে ক্ষমতার সমীকরণ বদলে যাওয়ার পরপরই এই কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলো।

সোমবার জারি হওয়া এই দুটি পৃথক নোটিশের একটি অভিষেকের সংস্থা ‍‍`লিপস অ্যান্ড বাউন্ডস‍‍` এবং অন্যটি তার মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে পাঠানো হয়েছে।

কলকাতা পুরসভার অফিশিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হরিশ মুখার্জি রোডের ১৮৮এ নম্বরে অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূল বাসভবন ‍‍`শান্তিনিকেতন‍‍` এবং কালীঘাট রোডের ১২১ নম্বরে লতা বন্দ্যোপাধ্যায়ের মালিকানাধীন সম্পত্তিতে পুরসভার অনুমোদন ছাড়া অতিরিক্ত অংশ নির্মাণ করা হয়েছে। নোটিশ পাওয়ার পরবর্তী ৭ দিনের মধ্যে এই অবৈধ কাঠামো নিজেদের উদ্যোগে ভেঙে ফেলার অথবা উপযুক্ত কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ অমান্য করা হলে মিউনিসিপাল কমিশনার স্বয়ং বুলডোজার দিয়ে সেই অংশ গুঁড়িয়ে দেবেন এবং এর সমস্ত প্রশাসনিক খরচ বাড়ির মালিকের কাছ থেকে আদায় করা হবে। একই সঙ্গে বাড়ির ভেতরের লিফট, এসকেলেটর এবং কাঠামোগত নকশার মূল অনুমতিপত্রও জমা দিতে বলা হয়েছে।

এদিকে এই প্রশাসনিক পদক্ষেপকে সম্পূর্ণ ‍‍`রাজনৈতিক প্রতিহিংসা‍‍` হিসেবে আখ্যায়িত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, নতুন বিজেপি সরকার তাকে ভয় দেখিয়ে বা বাড়ি ভাঙার হুমকি দিয়ে স্তব্ধ করতে পারবে না এবং কেন্দ্রের বিরুদ্ধে তার রাজনৈতিক লড়াই অব্যাহত থাকবে। অন্যদিকে সোমবারই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের জানান, তিনি নিজেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যুক্ত মোট ২৪টি সন্দেহভাজন বেনামী সম্পত্তির নথিপত্র সংগ্রহ করেছেন, যার ভিত্তিতেই কলকাতা পুরসভা এই দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে।

banner
Link copied!