আর্সেনাল খেলোয়াড়রা ভোর ৫টায় এমিরেটস স্টেডিয়ামের বাইরে শিরোপা উদযাপনে মেতে ওঠেন। দীর্ঘ ২২ বছরের অপেক্ষার পর প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পেয়েছে উত্তর লন্ডনের এই ক্লাবটি। বোর্নমাউথের মাঠে ম্যানচেস্টার সিটি ১-১ গোলে ড্র করার খবর নিশ্চিত হতেই এই উল্লাস শুরু হয়।
লন্ডন কোলনির প্রশিক্ষণ কেন্দ্রে উৎসবের শুরুটা হয়েছিল।
সেখানে কোচিং স্টাফ ও খেলোয়াড়রা একসঙ্গে সিটির ম্যাচটি দেখছিলেন। শিরোপা নিশ্চিত হওয়ার পরপরই সেখানে `চ্যাম্পিয়নেস, চ্যাম্পিয়নেস` স্লোগান ওঠে। এরপর খেলোয়াড়রা পরবর্তী উদযাপনের জন্য সেখান থেকে বেরিয়ে পড়েন।
মাঠের তারকা ডেক্লান রাইস সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সেলফি পোস্ট করেন। সেখানে কাই হাভার্টজ, উইলিয়াম সালিবা, বুকায়ো সাকা, মাইলস লুইস-স্কেলি এবং এবেরেচি এজের সঙ্গে প্রিমিয়ার লিগ ট্রফির একটি কাট-আউট দেখা যায়। গত মাসে সিটির কাছে ২-১ গোলে হারের পর রাইস দলের অধিনায়ক মার্টিন ওডেগার্ডকে বলেছিলেন, লড়াই এখনো শেষ হয়নি। সেই কথারই যেন বাস্তব প্রমাণ দিলেন তিনি।
খেলোয়াড়রা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রতিদ্বন্দ্বীদের কটাক্ষ করতেও ছাড়েননি।
বুকায়ো সাকা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ম্যানচেস্টার সিটি সমর্থকদের উদ্দেশ্য করে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে লুইস-স্কেলিকে শ্যাম্পেনের বোতল হাতে দেখা যায়, যিনি বলছিলেন, তারা আমাদের `বটলার` বলেছিল। এর জবাবে সাকা বলেন, এখন বোতলগুলো আমাদের হাতে।
ক্লাবের অফিশিয়াল কুকুর `উইন`ও বাদ যায়নি এই উৎসব থেকে।
মিকেল আরতেতা দলে সাংস্কৃতিক পরিবর্তনের অংশ হিসেবে এই কুকুরটিকে যুক্ত করেছিলেন। মিডফিল্ডার মিকেল মেরিনো কুকুরটির সঙ্গে উদযাপনের একটি ছবি শেয়ার করেছেন। পাশাপাশি ক্লাবের মাসকট গানারসরাসকেও এমিরেটস স্টেডিয়ামের বাইরে আনন্দ করতে দেখা গেছে। ভোর ৫টার দিকে রাইস, সাকা, জুরিয়েন টিম্বার ও এজেকে স্টেডিয়ামের বাইরে দেখা যায়।
এ সময় রাইস গাড়ি থামিয়ে সমর্থকদের সঙ্গে উদযাপনে যোগ দেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং আর্সেনালের আজীবন সমর্থক স্যার কিয়ার স্টারমার দলের এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এক্সে দেওয়া বার্তায় তিনি লেখেন, ২২ বছরের দীর্ঘ অপেক্ষা শেষ হলো এবং অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় ফিরে এসেছি।
ক্লাবের কিংবদন্তি খেলোয়াড় ইয়ান রাইট নিজের আর্সেনাল শার্ট গায়ে সমর্থকদের সঙ্গে এই উৎসবে যোগ দিয়েছিলেন। ৬২ বছর বয়সী এই সাবেক তারকাকে রাস্তায় নামতেই উল্লাসিত সমর্থকরা ঘিরে ধরে। শেষবার যখন আর্সেনাল লিগ জিতেছিল, তখন এমিরেটস স্টেডিয়ামটি তৈরিই হয়নি।
