বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

গেইলের রেকর্ডের সামনে বৈভব, রাজস্থান তারকায় মুগ্ধ ল্যাঙ্গার

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২০, ২০২৬, ০৪:২০ পিএম

গেইলের রেকর্ডের সামনে বৈভব, রাজস্থান তারকায় মুগ্ধ ল্যাঙ্গার

চলতি আইপিএলে বোলারদের জন্য এক মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছেন রাজস্থান রয়্যালসের ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। ক্রিকেটের মহাতারকাদের ভিড়ে এই কিশোর ওপেনার বিশ্বের দ্রুততম বোলারদের অনায়াসে মাঠের বাইরে পাঠাচ্ছেন। লখনউ সুপার জায়ান্টসের দেওয়া ২২০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তিনি মাত্র ৩৮ বলে ৯৩ রানের এক অতিমানবীয় ইনিংস খেলেন। তার এই তাণ্ডবলীলা দেখে রীতিমতো বিস্মিত ক্রিকেট বিশ্ব।

এবার বৈভবের ভক্তের তালিকায় যোগ দিয়েছেন লখনউয়ের অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গার।

ম্যাচে রাজস্থান ৭ উইকেটের দুর্দান্ত জয় তুলে নেয়। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসে ল্যাঙ্গার নিজের ৩৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, জীবনে অনেক গ্রেট খেলোয়াড় দেখলেও এত ছোট বয়সের কোনো ছেলের এমন বিধ্বংসী ব্যাটিং তিনি আগে কখনো দেখেননি। মিচেল স্টার্ক কিংবা আনরিখ নরকিয়ার মতো বোলারদের বৈভব যেভাবে অবলীলায় ছক্কা মারছিলেন, তা ল্যাঙ্গারের কাছে স্রেফ শ্বাসরুদ্ধকর মনে হয়েছে।

ল্যাঙ্গারের মতে, এই ছেলেটি যখন পুরোপুরি ব্যাটিং কৌশল শিখে যাবে, তখন বিশ্ব ক্রিকেটের বোলারদের কপালে বড় দুঃখ অপেক্ষা করছে। বোলারদের মুখের চেহারাই বলে দিচ্ছিল বৈভব ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন।

নিজের দ্বিতীয় আইপিএল মৌসুমেই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বৈভব এখন ‍‍`অরেঞ্জ ক্যাপ‍‍` মাথায় জড়িয়েছেন।

সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তার অবিশ্বাস্য স্ট্রাইক রেট নিয়ে, যা বর্তমানে ২৩৬ দশমিক ৩২। পুরো মৌসুমে তিনি ইতোমধ্যে ৫৩টি ছক্কা হাঁকিয়েছেন এবং এর মধ্যে ১০টি ছক্কাই মেরেছেন লখনউয়ের বিপক্ষে। ২০১২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ক্রিস গেইলের গড়া এক আসরে সর্বোচ্চ ৫৯টি ছক্কার ঐতিহাসিক রেকর্ডের খুব কাছে দাঁড়িয়ে আছেন তিনি। রাজস্থানের হাতে এখনও একটি ম্যাচ বাকি থাকায় গেইলকে ছাড়িয়ে যাওয়ার বড় সুযোগ রয়েছে এই বাঁহাতি তরুণের সামনে।

বৈভবের এমন অবিশ্বাস্য ফর্ম দেখে তাকে ভারতের মূল জাতীয় দলে নেওয়ার জোর দাবি উঠেছে।

কিন্তু প্রধান নির্বাচক অজিত আগারকার এই তরুণকে নিয়ে এখনই কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে নারাজ। তিনি জানিয়েছেন, বৈভব এক বিরল প্রতিভা এবং তাকে নিয়ে নির্বাচকরা দারুণ রোমাঞ্চিত। তবে এখনই মূল দলে নেওয়ার বাড়তি চাপ তারা তার ওপর দিতে চান না। বড় মঞ্চের জন্য নিজেকে আরও পরিপক্ব করতে তাকে আপাতত ভারতের ‍‍`এ‍‍` দলে রাখা হয়েছে।

banner
Link copied!