২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার ঠিক আগমুহূর্তে ক্লাব ম্যাচ খেলতে নেমে জাতীয় সংগীত চলাকালে মাঠে অশ্রুসিক্ত হয়ে পড়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। সোমবার (১৮ মে) ঘরের মাঠ ভিলা বেলমিরো স্টেডিয়ামে করিতিবার বিপক্ষে ম্যাচ শুরুর আগে এই আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। আন্তর্জাতিক ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে নেইমারের এই অশ্রুবিসর্জনের তথ্য নিশ্চিত করা হয়েছে।
জাতীয় দলে জায়গা পাওয়া নিয়ে প্রবল মানসিক চাপের মুখে রয়েছেন ব্রাজিলের এই সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
ম্যাচ শুরুর ঠিক আগে নিজের শিশুকন্যাকে কোলে নিয়ে যখন মাঠে জাতীয় সংগীতের জন্য দাঁড়িয়েছিলেন, তখন ক্যামেরায় স্পষ্ট দেখা যায় নেইমার বারবার তার চোখের পানি মুছছেন। দীর্ঘ চোট কাটিয়ে সম্প্রতি মাঠে ফেরা এই ফুটবলারের এমন আবেগাক্রান্ত রূপ বিশ্বজুড়ে সেলেসাও সমর্থকদের গভীরভাবে নাড়া দিয়েছে। কারণ আজ সোমবার রাতেই ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন। ফুটবল বিশ্লেষকদের ধারণা, স্কোয়াডে নিজের অন্তর্ভুক্তি এবং দেশের হয়ে আরেকবার বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার তীব্র আকাঙ্ক্ষা থেকেই নেইমার নিজের আবেগ ধরে রাখতে পারেননি।
তবে শেষ পরীক্ষার এই ম্যাচে নিজের দল সান্তোসকে জেতাতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ঘরের মাঠে করিতিবায়ের কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরে যায় সান্তোস। ম্যাচজুড়ে নেইমার চেষ্টা করলেও দলের পরাজয় এড়ানো সম্ভব হয়নি। খেলা শেষে সান্তোসের পরাজয় ছাপিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের কান্নার সেই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়, যা ভক্তদের মাঝে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
