অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে হাঙরের হামলায় ৩৯ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার দুপুরে কাসোয়োরি কোস্ট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। কুইন্সল্যান্ড পুলিশ জানিয়েছে, সমুদ্রের একটি অগভীর জায়গায় সাঁতার কাটার সময় তাকে হাঙর আক্রমণ করে।ঘটনাস্থলটি কেয়ার্নস ও টাউন্সভিল শহরের মাঝামাঝি অবস্থিত।
জরুরি সেবা কর্মীরা খবর পেয়ে দ্রুত বোট র্যাম্প এলাকায় পৌঁছান এবং তাকে পানি থেকে উদ্ধার করেন। উদ্ধারকারীরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করলেও ঘটনাস্থলেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। পুলিশের পক্ষ থেকে এখনো নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।
দুই সপ্তাহের ব্যবধানে অস্ট্রেলিয়ায় এটি দ্বিতীয় প্রাণঘাতী হাঙরের হামলা। গত শনিবার পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের কাছে স্পিয়ার ফিশিং করার সময় ৩৮ বছর বয়সী এক ব্যক্তি একই ধরনের হামলায় প্রাণ হারিয়েছিলেন। পার্থের ওই ঘটনায় ভুক্তভোগীর পায়ের নিচের অংশে আঘাত লেগেছিল এবং তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
কুইন্সল্যান্ড পুলিশ জানিয়েছে, তারা এই ঘটনার তদন্ত করছে এবং ময়নাতদন্তের জন্য করোনারের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেবে। পুলিশ কর্মকর্তারা একে আকস্মিক ও স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখছেন। করোনারের কাছে বিষয়টি বিচারাধীন থাকায় তারা বিস্তারিত আর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চলে হাঙরের আক্রমণ বিশ্বের অন্যান্য অনেক অঞ্চলের চেয়ে বেশি ঘটে, যদিও সব ক্ষেত্রে তা প্রাণঘাতী হয় না। অস্ট্রেলিয়ান শার্ক-ইনসিডেন্ট ডেটাবেজের তথ্যমতে, এই বছরের জানুয়ারি মাসে দেশটিতে মোট চারটি হাঙরের আক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে, যার মধ্যে মাত্র একটি প্রাণঘাতী ছিল।
