টালিউডের জনপ্রিয় অভিনেতা এবং সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে ফোনে এক প্রযোজক তাকে এই হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। আট বছর আগের একটি অসম্পূর্ণ সিনেমার অগ্রিম টাকা ফেরত দেওয়া নিয়ে এই দ্বন্দ্বের সূত্রপাত। ভারতীয় গণমাধ্যমের খবরে এসব তথ্য জানানো হয়েছে।
ঘটনার কেন্দ্রে রয়েছে ২০১৮ সালের একটি সিনেমা।
মহুয়া চক্রবর্তীর পরিচালনায় সেই ছবিতে অভিনয়ের জন্য সোহম ১৫ লাখ টাকা সাইনিং মানি নিয়েছিলেন। তবে শুটিং শুরুর কিছুদিন পরই পরিচালক মহুয়া সরে দাঁড়ান। তার অভিযোগ ছিল, প্রযোজক তরুণ দাসের আচরণ ও ব্যবহার মোটেও পেশাদার ছিল না। পরিচালকের এই সিদ্ধান্তের পর দীর্ঘ আট বছর পার হয়ে গেলেও সিনেমাটি আর আলোর মুখ দেখেনি।সম্প্রতি প্রযোজক তরুণ দাস সেই ১৫ লাখ টাকা ফেরত চেয়েছেন।

কিন্তু টালিউডের প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো অভিনেতা নিজে থেকে সিনেমা না ছাড়লে সেই অগ্রিম টাকা ফেরতযোগ্য নয়। যেহেতু সোহম সিনেমাটি ছাড়েননি এবং পরিচালকের কারণে শুটিং বন্ধ হয়ে যায়, তাই তিনি টাকা ফেরত দিতে সরাসরি অস্বীকৃতি জানান। এই ঘটনাকে কেন্দ্র করেই ওই প্রযোজক সম্প্রতি সোহমের অফিসে হানা দেন। এরপর মঙ্গলবার রাতে তিনি ফোনে অভিনেতাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে প্রযোজক তরুণ দাস সম্পূর্ণ ভিন্ন দাবি করেছেন।
তার মতে, বারবার চাওয়ার পরও সোহম শুটিংয়ের জন্য কোনো শিডিউল দেননি। সময় না পাওয়ার কারণেই মূলত সিনেমাটির কাজ আটকে যায়। তবে সোহম এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, শিডিউল দেওয়ার মতো পর্যাপ্ত সময় তার হাতে ছিল। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই হুমকির বিচার চেয়ে প্রযোজকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা।
