বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন না মার্কিন তারকা বারবারা স্ট্রেইস্যান্ড

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ১৮, ২০২৬, ০৯:১৭ পিএম

কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন না মার্কিন তারকা বারবারা স্ট্রেইস্যান্ড

হাঁটুতে গুরুতর আঘাত পাওয়ার কারণে চলতি মে মাসের শেষ সপ্তাহে আয়োজিত কান চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না প্রখ্যাত মার্কিন সংগীতশিল্পী, অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা বারবারা স্ট্রেইস্যান্ড। উৎসবের ৭৯তম সংস্করণে এই কিংবদন্তি তারকাকে আজীবন সম্মাননা পুরস্কারের সমতুল্য সম্মানসূচক ‍‍`পালম ডি’অর‍‍` প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বারবারা স্ট্রেইস্যান্ড সশরীরে অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেও উৎসবের আয়োজকরা তাকে এই বিশেষ সম্মানে ভূষিত করবেন বলে নিশ্চিত করা হয়েছে।

তিনি চিকিৎসকদের পরামর্শে এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই গায়িকা-অভিনেত্রী জানান, চিকিৎসকদের সুনির্দিষ্ট পরামর্শ মেনে এবং হাঁটুর চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে থাকায় অত্যন্ত দুঃখের সাথে এ বছর কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারছেন না। তবে সম্মানসূচক পালম ডি‍‍`অর পুরস্কারের জন্য মনোনীত হয়ে তিনি নিজেকে গভীরভাবে সম্মানিত বোধ করছেন। একই সঙ্গে ৭৯তম সংস্করণের অসাধারণ চলচ্চিত্রগুলো দূর থেকেই উদযাপনের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে বিবৃতিতে উল্লেখ করেন। তিনি ফ্রান্সকে সবসময় ভালোবেসেছেন এবং শ্রদ্ধেয় সহকর্মীদের সাথে সময় কাটানোর তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও এই অনুপস্থিতির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।

চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা পিটার জ্যাকসনকে একটি সম্মানসূচক পালম দ’অর প্রদান করা হয়। এছাড়া হলিউড তারকা জন ট্রাভোল্টা নিজের পরিচালিত প্রথম সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার সম্পন্ন করার পর এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেন। আগামী ২৩ মে জমকালো সমাপনী আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের কান চলচ্চিত্র উৎসবের।

banner
Link copied!