শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

লিবিয়ার পুনরেকত্রীকরণ

লিবিয়ার বিভক্ত প্রশাসন দ্রুত একীভূত হতে পারে: ইঙ্গিত তুরস্কের

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : অক্টোবর ২৪, ২০২৬, ০৯:৩০ এএম

লিবিয়ার বিভক্ত প্রশাসন দ্রুত একীভূত হতে পারে: ইঙ্গিত তুরস্কের

লিবিয়ার পূর্ব ও পশ্চিমাঞ্চলের প্রতিদ্বন্দ্বী প্রশাসনের দীর্ঘদিনের বিভাজন শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে তুরস্ক। গত শুক্রবার ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান যে দেশটির স্থায়ী পুনরেকত্রীকরণ নিশ্চিত করার মতো অনুকূল পরিবেশ অবশেষে তৈরি হয়েছে।

লিবিয়ায় গত কয়েক বছরের সংঘাতে আঙ্কারা ত্রিপোলিভিত্তিক জাতিসংঘ স্বীকৃত সরকারের পক্ষ জোরালোভাবে সমর্থন করেছিল। তবে অতীতের বৈরী সম্পর্কের বরফ গলে পূর্বের কর্তৃপক্ষের সঙ্গেও তুরস্কের সম্পর্ক এখন বেশ ভালো জায়গায় পৌঁছেছে।

ইউরোপ ও মিশরসহ আঞ্চলিক দেশগুলোর সমকক্ষ মন্ত্রীদের আতিথেয়তা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন ফিদান। তিনি জানান, এই প্রক্রিয়ার অন্যতম প্রধান কাজ হলো পৃথক সামরিক অংশগুলোকে একটি জাতীয় সেনা কমান্ডের অধীনে একত্রিত করা। কারণ বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষই নিজেদের আলাদা সামরিক কাঠামো বজায় রেখে চলেছে।

জাতীয় ঐক্যের মূল স্তম্ভগুলোর একটি হলো এই পৃথক ইউনিটগুলোকে একটি ছাতার নিচে নিয়ে আসা। সংবাদ সম্মেলনে ফিদান উল্লেখ করেন যে এই বিষয়ে ইতিবাচক ঘোষণা খুব দ্রুতই আঙ্কারা থেকে আসবে।

গত মঙ্গলবার লিবিয়ার পূর্বাঞ্চলীয় সংসদ তুরস্কের সঙ্গে একটি সামুদ্রিক সীমানা নির্ধারণ চুক্তি অনুমোদন করার পর মূলত এই কূটনৈতিক তৎপরতা জোরদার হয়। অথচ বছরকয়েক আগে যখন কর্মকর্তারা চুক্তিটিতে প্রথম স্বাক্ষর করেছিলেন, তখন ওই সংসদ তা নাকচ করে দিয়েছিল।

এদিকে ইতালি ও গ্রিসসহ ইউরোপীয় ইউনিয়ন এই সামুদ্রিক চুক্তির কঠোর সমালোচনা করেছে। একই সঙ্গে মিশরও আপত্তি তুলে বলেছে যে এই চুক্তি ভূমধ্যসাগরে তাদের সার্বভৌম অধিকার ক্ষুণ্ন করছে।

আঞ্চলিক এই আপত্তিগুলোর বিষয়ে আঙ্কারার অবস্থান বেশ গঠনমূলক বলে দাবি করেন ফিদান। তিনি পরামর্শ দেন যে মিশর এবং লিবিয়ার উদ্বেগগুলো নিরসনে তুরস্ক, ইতালি ও মিশর যৌথ আলোচনা চালাতে পারে।

এদিকে শুক্রবার পরে স্টার টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কূটনৈতিক অগ্রগতির কথা জানান তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলার। তিনি স্পষ্ট করেন যে সামুদ্রিক এখতিয়ারের বিষয়ে আঙ্কারা এবং কায়রো একটি বোঝাপটায় পৌঁছেছে।

গুলার বলেন যে মিশরের সঙ্গে একটি সীমানা নির্ধারণ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত রয়েছে তুরস্ক। গ্রিসের সঙ্গে করা সম্ভাব্য বিকল্প চুক্তির চেয়ে এই ধরনের চুক্তি মিশরের জন্য প্রায় ১৫ হাজার বর্গকিলোমিটার বেশি সমুদ্রসীমা নিশ্চিত করবে।

পূর্ব ভূমধ্যসাগরে নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় আঙ্কারা সম্পূর্ণ অবিচল রয়েছে বলেও জানান প্রতিরক্ষামন্ত্রী।

banner
Link copied!