মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ইসরায়েলি নির্বাচন

গাজা যুদ্ধ শুরুর পর প্রথম সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছে ইসরায়েলিরা

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : অক্টোবর ২৭, ২০২৬, ১১:৩০ এএম

গাজা যুদ্ধ শুরুর পর প্রথম সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছে ইসরায়েলিরা

ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টায় দেশজুড়ে ভোটকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। রাত ১০টা পর্যন্ত ভোটগ্রহণ চলার কথা রয়েছে।

নির্বাচন কর্তৃপক্ষ দেশজুড়ে মোট ১২ হাজার ১৮টি ভোটকেন্দ্র প্রস্তুত করেছে। ভোটগ্রহণের জন্য প্রায় ১৮ হাজার ব্যালট বাক্স এবং প্রায় ১ লাখ নির্বাচনকর্মী মোতায়েন করা হয়েছে।

সংসদ নির্বাচনে ৩৭টি দল ও নির্বাচনী জোট প্রতিদ্বন্দ্বিতা করছে। সরকার গঠনের কোয়ালিশন তৈরি করতে কোনো দল বা জোটের কমপক্ষে ৬১টি আসনের প্রয়োজন হবে।

২০২৩ সালের অক্টোবর মাসে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর এটি ইসরায়েলের প্রথম জাতীয় নির্বাচন।

প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। অন্যান্য শীর্ষ দলগুলোর মধ্যে রয়েছে সাবেক সেনাপ্রধান গাডি আইজেনকটের ইয়াশার পার্টি এবং সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বাধীন টুগেদার জোট।

নির্বাচনে অংশ নেওয়া বিশিষ্ট দলগুলোর মধ্যে আরও রয়েছে ইয়ার গোলানের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটস, আভিগডোর লিবারম্যানের ইয়েইসরায়েল বেইতেইনু এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভীরের নেতৃত্বাধীন জিউইশ পাওয়ার।

নির্বাচনী লড়াইয়ে ফিলিস্তিনিদের নেতৃত্বাধীন দলগুলোও অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে ইউসুফ জাবারিনের নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট এবং মানসুর আব্বাসের নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্ট বা রাম।

গত ১৫ থেকে ১৬ অক্টোবর কূটনৈতিক ভোটগ্রহণ সম্পন্ন হয়। কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে বিদেশে অবস্থিত ৯৯টি কূটনৈতিক মিশনের অধীনে ১০১টি কেন্দ্রে আগাম ভোটাধিকার প্রয়োগ করেন ৪ হাজার ২১৮ জন ইসরায়েলি নাগরিক।

বিদেশি ভোটারদের জন্য নির্ধারিত ৪ হাজার ৮৬৩ জনের মধ্যে এই আগাম ভোটাধিকার প্রয়োগের হার ছিল ৮৬.৭ শতাংশ।

স্থানীয় সময় রাত ১০টায় ভোটকেন্দ্র বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই ভোট গণনা শুরু হবে। ওই সময়ই ইসরায়েলি টেলিভিশন চ্যানেলগুলো এক্সিট পোল বা বুথফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

রাতের মধ্যেই প্রাথমিক ফলাফল চলে আসবে বলে ধারণা করা হচ্ছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে আগামী ৪ নভেম্বরের মধ্যে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।

banner
Link copied!