সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘমেয়াদী বৈদেশিক মুদ্রা ঋণমান ডাবল এ মাইনাস বা এএ মাইনাস অপরিবর্তিত রেখেছে ফিচ রেটিংস। এর সাথে দেশটির দৃষ্টিভঙ্গি বা আউটলুক স্থিতিশীল রাখা হয়েছে।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মজবুত বৈদেশিক সম্পদ, কম সরকারি ঋণ এবং তেল রপ্তানি থেকে আসা স্থিতিশীল আয় এই মূল্যায়নে ভূমিকা রেখেছে।
রিয়াদ থেকে প্রকাশিত ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৬ সালে সংযুক্ত আরব আমিরাতের মোট দেশজ উৎপাদনের বা জিডিপির ১৮০ শতাংশের সমান হতে পারে আবুধাবির সার্বভৌম নিট বৈদেশিক সম্পদ। ফিচের রেটিংভুক্ত দেশগুলোর মধ্যে এটি অন্যতম সর্বোচ্চ পর্যায়।
ইরান যুদ্ধের সময় তেল রপ্তানি আয়ের যে দৃঢ়তা দেখা গেছে, তার ওপর ভিত্তি করেই এই স্থিতিশীল দৃষ্টিভঙ্গি দিয়েছে রেটিং এজেন্সিটি। যুদ্ধজনিত তাৎক্ষণিক নেতিবাচক প্রভাব সামাল দিতে এই আয় বড় ভূমিকা রেখেছে।
কেন্দ্রীয় সরকারের বদলে প্রতিটি আমিরাত আলাদাভাবে যুদ্ধের খরচ বহন করবে বলে ধারণা করছে ফিচ। এর আগে গত জুলাই মাসে সৌদি আরবের সার্বভৌম ক্রেডিট রেটিং এ প্লাস বা এ+ এবং স্থিতিশীল দৃষ্টিভঙ্গি বহাল রেখেছিল সংস্থাটি।
সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে মাথাপিছু জিডিপি উচ্চ এবং পর্যাপ্ত আর্থিক সুরক্ষাবলয় রয়েছে। তবে সমমানের অন্যান্য দেশের তুলনায় শাসনব্যবস্থার কিছু সূচক দুর্বল থাকা এবং হাইড্রোকার্বনের ওপর অতিমাত্রার নির্ভরতা কিছু ঝুঁকি তৈরি করে।
প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে, ২০২৬ সালে সংযুক্ত আরব আমিরাতের প্রকৃত জিডিপি শূন্য দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পাবে। মূলত হাইড্রোকার্বন খাতের জিডিপি প্রায় ৭ শতাংশ বৃদ্ধির ফলেই এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে।
অন্যদিকে, দেশটির তেলবহির্ভূত জিডিপি ১ দশমিক ৫ শতাংশ কমতে পারে। একই সাথে দুবাইয়ের জিডিপি প্রায় ৫ শতাংশ সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।
যুদ্ধের প্রভাব মোকাবিলা এবং বড় সহায়তা কর্মসূচি বাস্তবায়নে সরকারি ব্যয় প্রায় ২০ শতাংশ বাড়ানো হলেও, ২০২৬ সালে সমন্বিত বাজেটে জিডিপির ৪ শতাংশ উদ্বৃত্ত থাকবে বলে আশা করা হচ্ছে।
২০২৫ সালের শেষভাগে যা ২২ দশমিক ৬ শতাংশ ছিল, ২০২৬ সালে তা সামান্য বেড়ে জিডিপির ২২ দশমিক ৮ শতাংশে দাঁড়াতে পারে। ডাবল এ বা এএ ক্যাটাগরির দেশগুলোর মধ্যবর্তী ৪৫ শতাংশ হারের তুলনায় এই ঋণ বেশ কম।
আগামী ২০২৭ সালের প্রথম প্রান্তিক থেকে হরমুজ প্রণালী ধীরে ধীরে পুনরায় খুলে দেওয়া হতে পারে বলে ধারণা করছে ফিচ। তবে এর আগ পর্যন্ত সামরিক স্থাপনা ও জলযানে নিয়মিত হামলা ও পালটা হামলার শঙ্কা থেকেই যায়।
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির দীর্ঘস্থায়ী অবনতি ঘটে তেল ও গ্যাস রপ্তানি ব্যাহত হলে আমিরাতের রেটিংয়ের ওপর চাপ তৈরি হতে পারে। অন্যদিকে, সমন্বিত সরকারি আর্থিক অবস্থার উন্নতি হলে রেটিং আরও বাড়তে পারে।
