বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য সংকট

মধ্যপ্রাচ্য সংকট ইতিহাসে জ্বালানি নিরাপত্তার সবচেয়ে বড় ঝুঁকি: আইইএ

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৯, ২০২৬, ১১:৩০ এএম

মধ্যপ্রাচ্য সংকট ইতিহাসে জ্বালানি নিরাপত্তার সবচেয়ে বড় ঝুঁকি: আইইএ

মধ্যপ্রাচ্যের চলমান সংকট বিশ্ব জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে বলে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএ। সংস্থাটির প্রকাশিত বার্ষিক বিশ্ব জ্বালানি আউটলুক প্রতিবেদনে বলা হয়েছে, সরবরাহ বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতি সামাল দেওয়ার পর্যাপ্ত সক্ষমতা বিশ্বজুড়ে ফুরিয়ে আসায় সাধারণ ভোক্তাদের চড়া মূল্য চুকাতে হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বোমা হামলার জেরে গত ফেব্রুয়ারিতে এই সংঘাতের সূচনা হয়। এরপর থেকেই হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রেখেছে ইরান এবং ওই অঞ্চলের বিভিন্ন তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু বানিয়েছে, যার ফলে পারস্য উপসাগরীয় দেশগুলোর পক্ষে তেল রপ্তানি করা কঠিন হয়ে পড়েছে।

এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে নিরাপত্তা দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সংকটের আগে বিশ্বজুড়ে সমুদ্রপথে তেল সরবরাহের প্রায় এক পঞ্চমাংশ আসত এই পথ দিয়ে, তবে মার্কিন প্রশাসনের নানামুখী উদ্যোগ সত্ত্বেও সরবরাহ লাইন এখনও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

প্রতিবেদনের মুখবন্ধে আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল লিখেছেন, হরমুজ প্রণালির সংকট জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে, যার মাত্রা সত্তরের দশকের তেল সংকটের মাত্রাকেও ছাড়িয়ে গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয় যে অতীতের জ্বালানি ধাক্কাগুলো বিশ্ব অর্থনীতিতে স্থায়ী দাগ রেখে গেছে এবং বর্তমান অস্থিরতার পরিণিতও একই হবে। উৎপাদক দেশগুলো বাজারে সরবরাহ বাড়ানো, বিকল্প রুট ব্যবহার এবং ভোগের পরিমাণ নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে। এসব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে আন্তর্জাতিক বাজার থেকে তেলের কেনাকাটা কমিয়ে দিয়েছে চীন।

ফাতিহ বিরোল লিখেছেন, ভোক্তাদের সুরক্ষায় সরকারগুলো নানা ধরনের পদক্ষেপ নিলেও সাধারণ মানুষকে চড়া দামের মুখোমুখি হতে হচ্ছে এবং কোথাও কোথাও জ্বালানি ঘাটতিও দেখা দিচ্ছে।

সংস্থাটি সতর্ক করেছে যে এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে ভোক্তাদের ওপর এবং তাঁদের চড়া দামে জ্বালানি কিনতে হচ্ছে। এর আগে গত জুলাই মাসে ফাতিহ বিরোল কিছুটা আশাবাদী সুর গেয়েছিলেন এবং বলেছিলেন যে তেল বাজার তখনও বিভিন্ন ইতিবাচক উপাদানের সহায়তা পাচ্ছে।

তুরস্কে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের বৈঠকের মধ্যেই আইইএর এই প্রতিবেদনটি প্রকাশিত হয়। নেপালে প্রাণঘাতী বন্যা এবং ইউরোপজুড়ে তীব্র দাবদাহ ও দাবানলের মধ্য দিয়ে যাওয়া একটি বছর পার করার পর জলবায়ু সংকট মোকাবেলায় প্রবল চাপের মুখে রয়েছেন সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতারা।

বার্ষিক এই আউটলুক প্রতিবেদনে মূলত তিনটি আদর্শ পরিস্থিতি তুলে ধরা হয়েছে। প্রথমটি বর্তমান নীতির ওপর ভিত্তি করে একটি সতর্কতামূলক পরিকল্পনা, দ্বিতীয়টি সরকারগুলোর ঘোষিত পদক্ষেপের মূল্যায়ন এবং তৃতীয়টি ২০৫০ সালের মধ্যে নিট শূন্য নির্গমন অর্জনের লক্ষ্য। মধ্যবর্তী পরিস্থিতি বিবেচনায় আইইএ ধারণা করছে যে ২০৩০ সালের আশপাশে বৈশ্বিক তেলের চাহিদা সর্বোচ্চ সীমায় পৌঁছানোর পর তা ধীরে ধীরে কমতে শুরু করবে, আর গ্যাসের চাহিদা বাড়বে প্রায় ২০৩৫ সাল পর্যন্ত।

চলমান মধ্যপ্রাচ্য সংকটের দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্লেষণ করতে এই বিশেষ প্রকাশনায় অতিরিক্ত দুটি পরিস্থিতি যুক্ত করেছে সংস্থাটি। একটি প্রেস বিজ্ঞপ্তিতে ফাতিহ বিরোল উল্লেখ করেছেন যে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি খাত যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছে, তবে এই সংঘাত প্রলম্বিত হলে ক্ষতের পরিমাণ আরও গভীর হবে।

ফাতিহ বিরোল বলেন, জ্বালানি জগতের আগের অবস্থায় ফিরে যাওয়ার মতো কোনো বিশ্বাসযোগ্য পথ আমার চোখে পড়ছে না।

banner
Link copied!