ঋণ কর্মসূচির সর্বশেষ পর্যালোচনা এবং জলবায়ু সহনশীলতা ফ্যাসিলিটির আলাদা মূল্যায়ন নিয়ে কর্মীপর্যায়ের সমঝোতায় পৌঁছানোর পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে প্রায় ২৩০ কোটি ডলার অর্থায়ন পেতে যাচ্ছে মিশর।
মিশরের ৪৮ মাসের বর্ধিত তহবিল সুবিধা চুক্তির অষ্টম পর্যালোচনা এবং সহনশীলতা ও টেকসইতা সুবিধার তৃতীয় পর্যালোচনা এই চুক্তির আওতাভুক্ত। গত ২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত কায়রোতে আইএমএফ মিশন ও মিশরীয় কর্তৃপক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে ৭ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভার্চুয়ালি আলোচনা চলে।
আইএমএফ নির্বাহী বোর্ডের অনুমোদন সাপেক্ষে মিশর বর্ধিত তহবিল সুবিধার আওতায় প্রায় ১৫০ কোটি ডলার এবং সহনশীলতা ও টেকসইতা সুবিধার আওতায় ৮০ কোটি ডলার পর্যন্ত পাবে। আইএমএফ জানিয়েছে, এই অর্থ ছাড় হলে দুটি চুক্তির আওতায় মোট অর্থায়নের পরিমাণ প্রায় ৯৬০ কোটি ডলারে উন্নীত হবে।
এই সমঝোতা মিশরের ৮০০ কোটি ডলারের আইএমএফ কর্মসূচিতে আরেকটি নতুন পদক্ষেপ। বৈদেশিক মুদ্রার সংকট, উচ্চ মূল্যস্ফীতি এবং ক্রমবর্ধমান ঋণের মতো অর্থনৈতিক চাপের মুখে পড়ার পর ২০২৪ সালের মার্চে এই কর্মসূচি অনুমোদিত হয়েছিল।
আইএমএফের প্রাক্কলন অনুযায়ী, অদূর ভবিষ্যতে মিশরের মোট অর্থায়নের প্রয়োজনীয়তা জিডিপির প্রায় ৪০ শতাংশের কাছাকাছি থাকবে এবং পরবর্তীতে ২০৩০ সালের মধ্যে তা ক্রমান্বয়ে ৩০ শতাংশের নিচে নেমে আসবে।
অর্থনীতিতে রাষ্ট্রের ভূমিকা কমানোর প্রচেষ্টা সংস্কার কর্মসূচির অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে রয়ে গেছে। সর্বশেষ পর্যালোচনা অনুযায়ী, মিশর ২০২৬ ও ২০২৭ অর্থবছরে অতিরিক্ত শেয়ার বিক্রির লেনদেন থেকে প্রায় ১৫০ কোটি ডলার সংগ্রহের আশা করছে, যার অন্তত অর্ধেক অর্থ ঋণ কমানোর কাজে ব্যবহার করা হবে।
আইএমএফ জানিয়েছে, মিশরীয় কর্তৃপক্ষের সফল অর্থনৈতিক সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবের বিপরীতে সক্রিয় পদক্ষেপ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করেছে এবং ধারাবাহিক বৈদেশিক ধাক্কার মুখে মিশরের সহনশীলতাকে সহায়তা করেছে।
সংস্থাটি আরও জানিয়েছে, সুয়েজ খাল ও পেট্রোলিয়াম-সংশ্লিষ্ট কার্যক্রমের পুনরুজ্জীবন এবং উৎপাদন খাত, পর্যটন ও যোগাযোগের ক্ষেত্রে অব্যাহত শক্তির কল্যাণে গত ৩০ জুন সমাপ্ত ২০২৫ ও ২০২৬ অর্থবছরে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ১ শতাংশে পৌঁছেছে। মূল্যস্ফীতি এখনও উঁচুতে থাকলেও তা প্রত্যাশার চেয়ে অনুকূল রয়েছে।
আইএমএফের ভাষ্যমতে, আমদানি বৃদ্ধির কারণে চলতি হিসাবের ঘাটতি বেড়েছে, যা কর্তৃপক্ষকে নতুন বৈদেশিক চাপের প্রতিক্রিয়ায় উপযুক্ত সামষ্টিক অর্থনৈতিক নীতি বজায় রাখতে বাধ্য করেছে। বিনিময় হারের নমনীয়তা মিশরকে বৈদেশিক ধাক্কা সামাল দিতে এবং মোট আন্তর্জাতিক রিজার্ভকে আইএমএফের পর্যাপ্ততা সূচকের বেশ ওপরে রাখতে সহায়তা করেছে।
আঞ্চলিক সংঘাতের তীব্রতা বৃদ্ধি পেলে বাণিজ্য ও বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে বিধায় অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির ঝুঁকিগুলো এখনো উঁচুতে রয়েছে। বৈশ্বিক আর্থিক পরিস্থিতির কড়াকড়ি এই চাপগুলোকে আরও বাড়িয়ে তুলতে পারে, যা মূলধন পলায়ন ঘটাতে এবং ঋণের খরচ বাড়াতে পারে, আর উচ্চ ঋণ ও অর্থায়নের প্রয়োজনীয়তা মূল দুর্বলতা হিসেবে রয়ে গেছে।
অন্যদিকে, আঞ্চলিক উত্তেজনা প্রশমিত হলে, সুয়েজ খালের কার্যক্রম পুনরুদ্ধার হলে এবং কাঠামোগত সংস্কার দ্রুত বাস্তবায়িত হলে তা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও বেশি সহায়তা দিতে পারে।
