রবিবার, ০৩ মে, ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

বুটেক্সে জমকালো ক্যারিয়ার ফেয়ার-২০২৬: ২৭টি শীর্ষ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : এপ্রিল ২৪, ২০২৬, ০১:৩৪ এএম

বুটেক্সে জমকালো ক্যারিয়ার ফেয়ার-২০২৬: ২৭টি শীর্ষ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যরিয়ার ফেয়ার-২০২৬’। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে বুটেক্স ক্যারিয়ার ক্লাবের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়। দেশের শীর্ষস্থানীয় বস্ত্র ও পোশাক শিল্পপ্রতিষ্ঠানগুলোর সাথে শিক্ষার্থীদের সরাসরি সংযোগ স্থাপন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। মেলার সার্বিক সহযোগিতায় ছিল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)।

বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই জাঁকজমকপূর্ণ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকেই চাকরিপ্রত্যাশী নবীন প্রকৌশলী ও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। শিক্ষার্থীরা তাদের জীবনবৃত্তান্ত (সিভি) নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে ঘুরে দেখেন এবং কর্পোরেট প্রতিনিধিদের সাথে সরাসরি মতবিনিময় করেন। অনেক প্রতিষ্ঠান অন-স্পট ইন্টারভিউয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবে মেধাবী শিক্ষার্থীদের বাছাই করার প্রক্রিয়া সম্পন্ন করে।

এবারের ফেয়ারে দেশের প্রায় ২৭টি শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী অংশ নেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—সেন্ট্রো টেক্স, সুইস ক্রোমা, ব্যাবিলন গ্রুপ, হা-মিম গ্রুপ, অকো-টেক্স গ্রুপ, ঊর্মি গ্রুপ, পূর্বানী গ্রুপ, এপিলিয়ন, একেএইচ গ্রুপ এবং প্যাসিফিক জিন্স। মূলত শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা দেওয়া এবং ইন্টার্নশিপের সুযোগ নিশ্চিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। মেলায় আগত শিক্ষার্থীরা কর্পোরেট বিশ্বের চাহিদা ও নিজেদের প্রস্তুতির বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন।

মেলার একটি উল্লেখযোগ্য অংশ ছিল বেলা ১১টায় অনুষ্ঠিত প্যানেল ডিসকাশন। ‘ভূ-রাজনীতি কীভাবে বস্ত্র শিল্পকে বদলে দিচ্ছে এবং নতুন স্নাতকদের করণীয়’ শীর্ষক আলোচনায় অংশ নেন টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের সিইও তারেক আমিনসহ শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। আলোচকরা বৈশ্বিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশের টেক্সটাইল খাতের ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন। দুপুরে আয়োজিত ওয়ার্কশপে শিক্ষার্থীদের সিভি রাইটিং ও ক্যারিয়ার গাইডলাইনের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।

বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, “ক্যারিয়ার ফেয়ার প্রতিবছর আয়োজন করা হবে এবং আগামীতে এর পরিধি আরও বাড়ানোর ব্যবস্থা করা হবে।” বিশেষ অতিথি হিসেবে আইটিইটি‍‍`র অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক প্রকৌশলী এহসানুল করিম কায়সার এবং সদস্য সচিব প্রকৌশলী মো. এনায়েত হোসেন আয়োজকদের ধন্যবাদ জানান। বুটেক্স ক্যারিয়ার ক্লাবের সভাপতি তানবীরুল ইসলাম জীয়ান এবং সাধারণ সম্পাদক সাহরিয়ার আলম পাবেল জানান, বৈশ্বিক সংকটের মাঝেও এমন আয়োজন সফল করা ছিল একটি চ্যালেঞ্জ, যা শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

banner
Link copied!