রবিবার, ০৩ মে, ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

গর্ভাবস্থায় টিকা: শিশুদের আরএসভি সংক্রমণ কমছে ৮০ শতাংশ

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : এপ্রিল ১৯, ২০২৬, ০৩:১৭ পিএম

গর্ভাবস্থায় টিকা: শিশুদের আরএসভি সংক্রমণ কমছে ৮০ শতাংশ

গর্ভাবস্থায় একটি টিকাই বাঁচাতে পারে আপনার শিশুর জীবন। Ai ছবি

গর্ভাবস্থায় আরএসভি বা রেসপিরেটরি সিনশিয়াল ভাইরাসের বিরুদ্ধে দেওয়া টিকা নবজাতকদের গুরুতর ফুসফুসের সংক্রমণ থেকে রক্ষা করতে ৮০ শতাংশের বেশি কার্যকর বলে জানিয়েছে ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা। যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি বা ইউকেএইচএসএ পরিচালিত একটি নতুন গবেষণায় দেখা গেছে যে এই টিকাটি শিশুদের জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়ে চমৎকার সুরক্ষা প্রদান করে। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে এই ভাইরাসের কারণে যুক্তরাজ্যে প্রতি বছর প্রায় ২০ হাজার শিশুকে হাসপাতালে ভর্তি হতে হয় যারা শ্বাসকষ্ট বা খাবার গ্রহণে সমস্যার সম্মুখীন হয়।

ব্রিটেনে ২০২৪ সাল থেকে গর্ভবতী নারীদের গর্ভাবস্থার ২৮ সপ্তাহ পূর্ণ হওয়ার পর এই টিকা দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। মূলত ক্লিনিকাল ট্রায়ালে দেখা গেছে যে এই টিকা মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় যা নাভির মাধ্যমে গর্ভস্থ শিশুর শরীরে প্রবেশ করে। এর ফলে জন্মের প্রথম দিন থেকেই নবজাতক আরএসভি ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা পায়। 

ইউকেএইচএসএ-র আরএসভি বিষয়ক জাতীয় কর্মসূচি প্রধান ডক্টর কনাল ওয়াটসন জানান যে এই ভাইরাসটি শিশুদের ফুসফুসে প্রদাহ সৃষ্টি করে যা কখনো কখনো প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তার মতে অনেক সময় আক্রান্ত শিশুদের শ্বাস নিতে এত কষ্ট হয় যে তা দেখে অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েন।

সাম্প্রতিক এই গবেষণাটি ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে ইংল্যান্ডে জন্ম নেওয়া প্রায় তিন লাখ শিশুর তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তথ্য অনুযায়ী এই সময়ের মধ্যে প্রায় সাড়ে চার হাজার শিশুকে আরএসভি সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। 

গবেষণায় দেখা গেছে যেসব শিশুর মায়েরা টিকা নেননি মূলত তারাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। গবেষকরা বলছেন সন্তান জন্মের অন্তত চার সপ্তাহ আগে এই টিকা নিলে সুরক্ষার হার ৮৫ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। তবে প্রসবের মাত্র দুই সপ্তাহ আগেও যদি টিকা নেওয়া হয় তবে সেটিও সময়ের আগে জন্ম নেওয়া শিশুদের জন্য কার্যকর সুরক্ষা নিশ্চিত করে।

লন্ডনসহ যুক্তরাজ্যের কিছু এলাকায় এই টিকা নেওয়ার হার তুলনামূলক কম হলেও স্বাস্থ্য কর্মকর্তারা গর্ভাবস্থায় এটি গ্রহণ করার জন্য জোরালো তাগিদ দিচ্ছেন। বর্তমানে ইংল্যান্ডে প্রায় ৬৪ শতাংশ গর্ভবতী নারী এই টিকা নিচ্ছেন যদিও লন্ডনে এই হার ৫৩ শতাংশে নেমে এসেছে। 

চিকিৎসকদের মতে আরএসভি ভাইরাসের পাশাপাশি গর্ভাবস্থায় ইনফ্লুয়েঞ্জা এবং হুপিং কাশির টিকা নেওয়াও শিশুদের দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে টিকাদানের মাধ্যমে শীতকালীন সময়ে শিশুদের হাসপাতালে ভর্তির ঝুঁকি অনেকলাংশে কমানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

banner
Link copied!