প্রাকৃতিক হরমোন ব্যবস্থাকে ব্যাহত করে এমন ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শ মাতৃগর্ভ থেকেই শুরু হতে পারে এবং এর ফলে দীর্ঘস্থায়ী শারীরিক ক্ষতি হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, এসব পদার্থের সঙ্গে নানা ধরনের স্বাস্থ্য সমস্যার সংযোগের ব্যাপারে আগের ধারণার চেয়ে জোরালো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া গেছে। গবেষকরা মানবদেহের রক্ত, মাতৃদুগ্ধ এবং নাভীজুরের রক্তে হরমোন বিঘ্নকারী এই যৌগগুলোর উপস্থিতি শনাক্ত করেছেন। এই ব্যাপক উপস্থিতির কারণে শিশুরা জন্মের আগেই সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছে।
বিশ্বব্যাপী পরিচালিত এই পর্যালোচনায় রাসায়নিকের এই সংস্পর্শের সঙ্গে প্রজনন ক্ষমতা, স্নায়বিক কার্যক্রম, বিপাকক্রিয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জটিলতার যোগসূত্র পাওয়া গেছে। মূল্যায়নটিতে কিডনি ও যকৃতের বিভিন্ন রোগ নিয়েও নতুন উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে।
জাতিসংঘ পরিবেশ কর্মসূচির কর্মকর্তা শিলা আগরওয়াল খান বলেছেন, হরমোন বিঘ্নকারী এই রাসায়নিকগুলোকে যা বিশেষভাবে উদ্বেগের কারণ করে তুলেছে তা হলো, এগুলো মানবদেহ এবং বন্যপ্রাণীর বিকাশ ও প্রজনন থেকে শুরু করে বিপাক এবং আচরণ পর্যন্ত অসংখ্য অপরিহার্য কাজ নিয়ন্ত্রণকারী হরমোনগুলোকে বিঘ্নিত করতে পারে।
তিনি আরও বলেন, এর ফলে যে স্বাস্থ্যগত প্রভাব পড়ে তা দীর্ঘদিন স্থায়ী হতে পারে এবং কিছু ক্ষেত্রে তা আর আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়।
বর্তমানে বিশ্বজুড়ে উৎপাদন ও বাণিজ্যিক ব্যবহারের জন্য তিন লাখ ৫০ হাজারের বেশি স্বতন্ত্র রাসায়নিক ও রাসায়নিক মিশ্রণ নিবন্ধিত রয়েছে। এর মধ্যে খুব সামান্য অংশেরই হরমোন বিঘ্নকারী বৈশিষ্ট্য রয়েছে কি না তা মূল্যায়ন করা হয়েছে।
প্লাস্টিক, খাদ্য মোড়কজাতকরণ সামগ্রী, প্রসাধনী, শিশুদের খেলনা এবং কৃষিকাজে ব্যবহৃত কীটনাশকের মতো প্রাত্যহিক ব্যবহার্য বিভিন্ন পণ্যে এসব উপাদান সচরাচর পাওয়া যায়। ২০১২ সালের পর এটিই প্রথম বড় কোনো বৈশ্বিক আপডেট, যেখানে বন্যপ্রাণীর ওপর বিকাশগত এবং প্রজননগত ক্ষতির ব্যাপক প্রমাণও নথিভুক্ত করা হয়েছে।
