রবিবার, ০৩ মে, ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলি হামলা: সাংবাদিক নিহত

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : এপ্রিল ২৩, ২০২৬, ০২:৪০ পিএম

যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলি হামলা: সাংবাদিক নিহত

নিহত সাংবাদিক আমাল খলিল I ছবি : সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় এক সাংবাদিকসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) দক্ষিণ লেবাননের আত-তিরি গ্রামে একটি চলন্ত গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলে দুইজন নিহত হন। 

এর কিছুক্ষণ পরেই একই এলাকার একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যেখানে কর্মরত অবস্থায় সাংবাদিক আমাল খলিল প্রাণ হারান।

নিহত আমাল খলিল লেবাননের স্থানীয় প্রভাবশালী গণমাধ্যম আল-আখবারে কর্মরত ছিলেন। সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, হামলার সময় তিনি এবং তার সহযোগী জায়নাব ফারাজ একটি পূর্ববর্তী হামলার ধ্বংসস্তূপ পরিদর্শন করছিলেন। হামলার পর তারা একটি ভবনে আশ্রয় নিলে সেখানে সরাসরি মিসাইল আঘাত হানে।

 লেবাননের রেড ক্রস এবং স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে ক্রমাগত বোমাবর্ষণ চলতে থাকায় উদ্ধারকর্মীরা দীর্ঘ সময় ওই এলাকায় পৌঁছাতে পারেননি। কয়েক ঘণ্টার চেষ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে আমাল খলিলের মরদেহ উদ্ধার করা হয়।

লেবাননের তথ্যমন্ত্রী পল মার্কোস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে গণমাধ্যমের ওপর নগ্ন হামলা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা হলেও ইসরায়েল বারবার তা লঙ্ঘন করছে। 

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তারা হিজবুল্লাহর সামরিক স্থাপনা লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে। তারা ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে। তবে যুদ্ধবিরতি চলাকালীন এমন প্রাণঘাতী হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে নতুন করে অস্থিতিশীল করে তুলেছে।

banner
Link copied!