রবিবার, ০৩ মে, ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় সাংবাদিক আমাল খলিল নিহত

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : এপ্রিল ২৩, ২০২৬, ১১:৪৯ পিএম

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় সাংবাদিক আমাল খলিল নিহত

দক্ষিণ লেবাননের আল-তায়রি গ্রামে ইসরায়েলি বাহিনীর একটি বিমান হামলায় প্রখ্যাত লেবানিজ সাংবাদিক আমাল খলিল নিহত হয়েছেন। লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই ঘটনাকে ‍‍`মানবতাবিরোধী অপরাধ‍‍` হিসেবে অভিহিত করে ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, হামলার সময় আমাল খলিলের সহকর্মী জয়নাব ফারাজও গুরুতর আহত হয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত বুধবার বিকেলে একটি ইসরায়েলি বিমান হামলার সংবাদ সংগ্রহ করছিলেন আমাল খলিল। সে সময় তাদের লক্ষ্য করে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়, যাকে লেবানিজ কর্মকর্তারা ‍‍`ডাবল-ট্যাপ‍‍` হামলা বলে বর্ণনা করেছেন। প্রথম দফার হামলার পর আমাল ও তার সহকর্মী একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। উদ্ধারকর্মীরা পৌঁছানোর চেষ্টা করলেও ইসরায়েলি বাহিনী তাদের ওপর গুলিবর্ষণ করে বাধা দেয় বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে। প্রায় সাত ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকা থাকার পর মধ্যরাতের দিকে আমাল খলিলের নিথর দেহ উদ্ধার করা হয়।

১৯৮৪ সালে দক্ষিণ লেবাননে জন্মগ্রহণকারী আমাল খলিল ২০০৬ সালের যুদ্ধ থেকে সাংবাদিকতা করে আসছিলেন। তিনি দৈনিক ‍‍`আল আখবার‍‍` পত্রিকার হয়ে কাজ করতেন। মৃত্যুর আগে তিনি দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বসতবাড়ি ধ্বংসের চিত্র তুলে ধরছিলেন। চলতি বছরে লেবাননে নিহত হওয়া সাংবাদিকদের তালিকায় আমাল খলিল নবম ব্যক্তি। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি তুলেছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এক বিবৃতিতে বলেছেন, সত্য গোপনের উদ্দেশ্যেই ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে যে তারা উদ্ধার অভিযানে কোনো বাধা দেয়নি। তবে আল জাজিরা জানিয়েছে, এর আগে আমাল খলিলকে ইসরায়েলি নম্বর থেকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। এই হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যে সাংবাদিক নিরাপত্তার চরম সংকটকে পুনরায় সামনে এনেছে।

banner
Link copied!