রবিবার, ০৩ মে, ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

ইরান ও ফিলিস্তিনি গবেষকদের পাশে ভারতের প্রখ্যাত পদার্থবিজ্ঞানীরা

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : এপ্রিল ২৩, ২০২৬, ১১:৫২ পিএম

ইরান ও ফিলিস্তিনি গবেষকদের পাশে ভারতের প্রখ্যাত পদার্থবিজ্ঞানীরা

ইরান, ফিলিস্তিন ও লেবাননের শিক্ষা প্রতিষ্ঠান এবং গবেষকদের ওপর চলমান হামলার বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছেন ভারতের একদল প্রখ্যাত পদার্থবিজ্ঞানী। বৃহস্পতিবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিশ্ববিদ্যালয় ও বেসামরিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানান। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ৫০ জনেরও বেশি বিশিষ্ট ‍‍`স্ট্রিং থিওরি‍‍` বিশেষজ্ঞ এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন বিশ্ববিখ্যাত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী অশোক সেন এবং স্পেন্টা ওয়াদিয়া। ভারতের শীর্ষস্থানীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গবেষণা ল্যাবের এই বিজ্ঞানীরা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক শুরু হওয়া যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের উচ্চশিক্ষা ব্যবস্থা চরম হুমকির মুখে পড়েছে। তারা বিশেষ করে ইরানের শরিফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, শহীদ বেহেশতি ইউনিভার্সিটি এবং লেবানিজ ইউনিভার্সিটির মতো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে হামলার কথা উল্লেখ করেন।

ভারতীয় বিজ্ঞানীদের মতে, গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে প্রায় সবকটি বিশ্ববিদ্যালয় ও স্কুল ধ্বংস হয়ে গেছে। তারা এটিকে ‍‍`মানবতাবিরোধী অপরাধ‍‍` হিসেবে বর্ণনা করে বলেন, এই ধ্বংসযজ্ঞ ওই অঞ্চলের শিক্ষা ও গবেষণার ভবিষ্যৎ দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে ঠেলে দেবে। বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক স্থাপনায় এই ব্যাপক হামলা কেবল প্রাণহানিই ঘটাচ্ছে না, বরং লক্ষ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করছে।

বর্তমানে ভারত বিশ্বজুড়ে স্ট্রিং থিওরি গবেষণায় অন্যতম শীর্ষস্থানে রয়েছে। সেই অবস্থান থেকেই দেশটির শীর্ষ স্তরের গবেষকরা এই রাজনৈতিক ও মানবিক সংকটে নিজেদের মতামত স্পষ্ট করলেন। তারা মনে করেন, বিজ্ঞান ও শিক্ষার কোনো সীমানা নেই এবং জ্ঞানচর্চার কেন্দ্রগুলোতে হামলা চালানো আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এমন এক সময়ে এই বিবৃতি এলো যখন দক্ষিণ লেবানন ও গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা সত্ত্বেও নিয়মিত সহিংসতার খবর পাওয়া যাচ্ছে।

banner
Link copied!