মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

গ্রিসে অভিবাসী সংকট

ক্রিট দ্বীপে পৌঁছানোর চেষ্টার সময় প্রাণ হারিয়েছেন অন্তত ২১ অভিবাসী

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ৯, ২০২৬, ০৭:৩০ পিএম

ক্রিট দ্বীপে পৌঁছানোর চেষ্টার সময় প্রাণ হারিয়েছেন অন্তত ২১ অভিবাসী

গ্রিসের ক্রিট দ্বীপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন বলে সোমবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ইউরোপে প্রবেশ করতে চাওয়া শরণার্থী ও অভিবাসীদের জন্য এই দ্বীপটি একটি অন্যতম প্রধান প্রবেশদ্বারে পরিণত হয়েছে।

গ্রিক উপকূলরক্ষী বাহিনী একটিমাত্র নৌকা থেকে ১২টি মরদেহ উদ্ধার করেছে এবং ১৮ জনকে জীবিত উদ্ধার করেছে। সোমবার ভোরে দ্বীপটির দক্ষিণাংশে মরক্কোর পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ নৌকাটিকে দেখতে পায়।

কর্তৃপক্ষ জীবিত উদ্ধারকৃত ব্যক্তি ও মরদেহগুলোকে উপকূলে নিয়ে আসে। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

গ্রিক কর্মকর্তারা জানিয়েছেন মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে তীব্র বাতাসের মধ্যে নৌকাটি হয়তো বেশ কিছুদিন ধরে সমুদ্রে ভাসমান অবস্থায় ছিল।

এর আগে গত শনিবার সন্ধ্যায় অপর এক অভিযানে উপকূলরক্ষী বাহিনী দক্ষিণাঞ্চলীয় ক্রিটের উপকূলের কাছাকাছি আরেকটি নৌকা থেকে আটটি মরদেহ উদ্ধার করে এবং ২৮ জন শরণার্থী ও অভিবাসীকে জীবিত উদ্ধার করে। ওই ঘটনার পর দুর্ঘটনাস্থল থেকে দুজন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়।

উপকূলরক্ষী বাহিনী দ্বীপটির দক্ষিণাংশে আরও দুটি নৌকা আটক করে। যার একটিতে প্রায় ৪৭ জন এবং অন্যটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল।

ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত রক্ষাকারী সংস্থা ফ্রন্টেক্স নৌকাগুলোর সন্ধান পেতে একটি বিমান ও একটি মনুষ্যবিহীন ড্রোন মোতায়েন করেছিল। পরবর্তীতে সংস্থাটি জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের ক্রিটের দক্ষিণ উপকূলের একটি বন্দরে নিয়ে আসে।

আফ্রিকা, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে দারিদ্র্য ও সংঘাতে জর্জরিত মানুষেরা ইউরোপীয় ইউনিয়নে পৌঁছানোর প্রাথমিক ট্রানজিট রুট হিসেবে ক্রিট দ্বীপটিকে ব্যবহার করে আসছেন।

ফ্রন্টেক্স জানিয়েছে চলতি বছর ইউরোপীয় ব্লকে সামগ্রিক অনিয়মিত সীমান্ত পারাপারের হার এক তৃতীয়াংশ কমেছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে প্রায় ৩১ হাজার ৮০০ সীমান্ত পারাপার রেকর্ড করা হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা ১৫ শতাংশ কম।

banner
Link copied!