মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ইয়েমেনে হুথি দমনপীড়ন

আটকদের ক্যামেরার সামনে কথা বলতে বাধ্য করার অভিযোগ হুথিদের বিরুদ্ধে

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১০, ২০২৬, ০৮:০০ এএম

আটকদের ক্যামেরার সামনে কথা বলতে বাধ্য করার অভিযোগ হুথিদের বিরুদ্ধে

ইয়েমেনে কারাবন্দি জাতিসংঘের কর্মীদের জোরপূর্বক ক্যামেরার সামনে বক্তব্য দিতে বাধ্য করার অভিযোগ তুলেছে জাতিসংঘ। সোমবার আন্তর্জাতিক এই সংস্থাটি হুথি মিলিশিয়াদের তীব্র সমালোচনা করে জানায়, হেফাজতে থাকা একজন কর্মীকে জোরাজুরি করে ক্যামেরার সামনে কথা বলতে বাধ্য করা হয়েছে এবং সেই ভিডিও সম্প্রচারও করা হয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এই ঘটনার নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন। তিনি জানান, খেয়ালখুশিমতো আটকে রাখা এসব ব্যক্তিকে ক্যামেরার সামনে কথা বলতে বাধ্য করা হয়েছে বলে তাদের কাছে জোরালো প্রমাণ রয়েছে।

গত ৫ নভেম্বর এই ভিডিওটি সম্প্রচার করা হয়। এতে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়ের একজন কর্মীকে দেখা গেছে।

ফারহান হক বলেন, এই ভিডিও প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মীকে জনসমক্ষে হেয় করা হয়েছে এবং তার জীবন ঝুঁকিতে ফেলা হয়েছে। একই সঙ্গে তার পরিবারকেও চরম মানসিক কষ্টের মধ্যে ফেলা হয়েছে।

জাতিসংঘের এই মুখপাত্র হুথি কর্তৃপক্ষকে অবিলম্বে ভিডিওটি সরালোর আহ্বান জানান। একই সঙ্গে বন্দিদের এই ধরনের ভিডিও প্রচার বন্ধ করার দাবি জানান তিনি।

আটকদের নিরাপত্তা ও মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি তাদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানান ফারহান হক।

এর আগে গত ৩১ অক্টোবর আরেকটি উদ্বেগজনক ঘটনার কথা জানিয়েছিল জাতিসংঘ। সংস্থাটি জানায়, গত ২০২৪ সালের ৬ জুন থেকে হুথিদের হেফাজতে থাকা জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের ইয়েমেনি কর্মী মোহাম্মদ আলশামি মারা গেছেন।

পরিবারকে জানানোর এক মাসেরও বেশি সময় আগে আলশামির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট তারিখ ও কারণ এখনো অজানা এবং তার মরদেহও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়নি।

banner
Link copied!