বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ইয়েমেন সংকট

তাইজে মানবিক বিপর্যয়ের আশঙ্কা: হুথিদের নিষেধাজ্ঞার কারণে সতর্কবার্তা আরব লীগের

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১২, ২০২৬, ০৭:৩১ পিএম

তাইজে মানবিক বিপর্যয়ের আশঙ্কা: হুথিদের নিষেধাজ্ঞার কারণে সতর্কবার্তা আরব লীগের

ইয়েমেনের তাইজ শহরে দ্রুত অবনতিশীল মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আরব লীগ। শহরটিতে সাধারণ মানুষের চরম দুর্ভোগের প্রধান কারণ হিসেবে হুথি আন্দোলনের বিভিন্ন কঠোর নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন সংস্থাটির কর্মকর্তারা।

সংঘাতপীক্ত এই প্রদেশে স্বাস্থ্য খাতের বেহাল দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আরব লীগের কর্মকর্তা সাইদ আবু বকর ফাহমি। তাইজের হাসপাতালগুলোতে জ্বালানি, অক্সিজেন, জীবনরক্ষাকারী ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

চিকিৎসা সরঞ্জামের এই তীব্র ঘাটতির কারণে হাসপাতালের জরুরি বিভাগগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে বলে সতর্ক করেছেন ফাহমি। আর এতে সরাসরি বিপন্ন হয়ে পড়েছে নবজাতক ও প্রিমিউর শিশুদের ইনকিউবেটর সেবা।

তিনি জানান, ত্রাণ ও চিকিৎসা সামগ্রী সরবরাহ আটকে রাখার কারণে রোগী ও শিশুদের জীবন সরাসরি হুমকির মুখে পড়ছে। সাধারণ মানুষকে মৌলিক চিকিৎসাসেবা এবং মানবিক সহায়তা থেকে বঞ্চিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সাংবাদিকদের সাথে আলাপকালে ফাহমি স্পষ্ট করে বলেন যে মানুষের জীবন বাঁচানোর মতো বিষয়টিকে কোনোভাবেই প্রলম্বিত করা যাবে না এবং এর সাথে কোনো রাজনৈতিক বা সামরিক হিসেবনিকেশ মেলানো যাবে না। এই নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট গুরুতর মানবিক পরিণতির জন্য সরাসরি হুথিদের দায়ী করেছেন তিনি।

রোগী এবং চিকিৎসাকর্মীদের যাতায়াতের জন্য নিরাপদ পথ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আরব লীগ। সেই সাথে সব ধরনের মানবাধিকার লঙ্ঘন ও সহায়তা প্রদানে বাধা সৃষ্টিকারী কিংবা সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি।

স্থানীয় হাসপাতালগুলোর জন্য দ্রুত জ্বালানি, অক্সিজেন ও ওষুধ সংগ্রহের লক্ষ্যে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে জরুরি ভিত্তিতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। একই সাথে এসব ত্রাণসামগ্রী নিরাপদ, নিরবচ্ছিন্ন ও বাধাহীন উপায়ে সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন কর্মকর্তারা।

বুধবার একই ধরনের উদ্বেগের কথা জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দফতর ওসিএইচএ। সরবরাহ পথ বিঘ্নিত হওয়া এবং মৌলিক সেবাগুলোর ওপর চাপ বৃদ্ধির কারণে তাইজ শহরের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে সতর্ক করেছে তারা।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে শহরে প্রবেশের রাস্তাগুলো এখনো সংঘাতের কারণে বন্ধ রয়েছে। এসব রাস্তা বন্ধ থাকায় বাণিজ্যিক পণ্য এবং জীবনরক্ষাকারী ত্রাণসামগ্রী তাইজে পৌঁছাতে পারছে না।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসের শুরু থেকে এই প্রদেশে প্রায় ১ লাখ ৪০ হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন। একই সময়ে সারা ইয়েমেনে বাস্তুচ্যুত হওয়া ৩ লাখ ৩০ হাজার মানুষের অর্ধেকেরও বেশি এই তাইজ অঞ্চলেই অবস্থান করছেন।

গত জুলাই মাস থেকে শুরু হওয়া একটি বৃহত্তর সামরিক উত্তেজনার অংশ হিসেবে এই সংঘাত তীব্র আকার ধারণ করেছে। ২০২২ সালের এপ্রিল মাসে শুরু হওয়া যুদ্ধবিরতির পর এটাই সবচেয়ে বড় সংঘাতের ঘটনা।

banner
Link copied!