শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

স্বর্ণখনি নিষেধাজ্ঞা সংঘর্ষ

গিনির স্বর্ণখনি নিষেধাজ্ঞা নিয়ে সংঘর্ষ: নিহত ১০

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৪, ২০২৬, ০২:৩০ এএম

গিনির স্বর্ণখনি নিষেধাজ্ঞা নিয়ে সংঘর্ষ: নিহত ১০

গিনির উত্তর-পূর্বাঞ্চলে স্বর্ণখনির ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকরের সময় নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে দেশটির আঞ্চলিক প্রশাসন মন্ত্রণালয় এই তথ্য জানায়। মূলত গত বুধবার এই সহিংসতার ঘটনা ঘটে। ঐতিহ্যগত স্বর্ণখনির ওপর নিষেধাজ্ঞা ঠিকমতো মানা হচ্ছে কি না, তা যাচাই করতে গিয়ে ডিফেন্স ও নিরাপত্তা বাহিনী এই পরিস্থিতির মুখে পড়ে।

সিগুইরি অঞ্চলের বালাতো এলাকায় অবৈধ ও অনিয়ন্ত্রিত স্বর্ণখনির বিরুদ্ধে টহল দেওয়ার সময় এই সংঘর্ষের সূত্রপাত হয়। নিরাপত্তা বাহিনীর গাড়ি বহরের সামনে বিক্ষোভকারীরা ব্যারিকেড তৈরি করে পথ আটকে দেন। এর ফলে সহিংস সংঘাত ও গোলাগুলির ঘটনা ঘটে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়। তবে ঠিক কার পক্ষ থেকে গুলি চালানো হয়েছিল, সে বিষয়ে মন্ত্রণালয় কিছু জানায়নি।

সংঘর্ষের এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০ জন। নিহতদের মধ্যে পাঁচজন বিদেশি নাগরিক রয়েছেন, যাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। এ ছাড়া আহতদের মধ্যে সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছেন।

বিক্ষোভের সময় দুটি পিকআপ ভ্যান ও নিরাপত্তা বাহিনীর একটি ট্রাক পুড়িয়ে দেওয়া হয়। এ সময় বিক্ষোভকারীরা একটি আগ্নেয় অস্ত্র ও একটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যান বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এই সহিংসতার মূল কারণ কী ছিল এবং এর দায় কার, তা উদ্ঘাটন করতে বিচার বিভাগীয় কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়মকানুন না মেনে খনি কার্যক্রম চালানোর ফলে মারাত্মক পরিবেশগত বিপর্যয় দেখা দেওয়ায় গত ২ নভেম্বর সিগুইরিতে ঐতিহ্যগত স্বর্ণখনির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে গিনি সরকার।

এই পরিবেশগত ক্ষতির কারণে কৃষিজমি, নদী ও গাছপালা ব্যাপকভাবে দূষিত হচ্ছিল। এর প্রভাব পার্শ্ববর্তী দেশগুলোতেও পড়েছে। গিনি ছেড়ে যেতে বাধ্য হওয়ার পর প্রায় এক লাখ মানুষ দেশটির রাজধানী বামাকোয় আশ্রয় নিয়েছে বলে গত সপ্তাহে জানিয়েছে প্রতিবেশী মালি। এ ছাড়া সীমান্ত শহর কৌরেমালেতে আরও প্রায় ৬০ হাজার মানুষ এসে পৌঁছেছে।

কড়াকড়ির কারণে গিনি ছাড়তে বাধ্য হওয়া নাগরিকদের মধ্যে ৪৫ হাজার ৪০৬ জনকে দেশে ফিরিয়ে এনেছে বুর্কিনা ফাসো। ধাতুর ক্রমবর্ধমান চাহিদা ও চড়া দামের কারণে এই ঐতিহ্যগত খনি ব্যবসা পশ্চিম আফ্রিকার একটি পরিচিত দৃশ্য।

জাতিসংঘ পরিবেশ কর্মসূচির তথ্য অনুযায়ী, গিনির তিন লাখেরও বেশি মানুষের জীবিকা এই ছোট পরিসরের স্বর্ণখনির ওপর নির্ভরশীল। তবে ভারী যন্ত্রপাতির ব্যবহার কৃষিজমি ধ্বংস এবং রাসায়নিকের মাধ্যমে নদী দূষণের মতো পরিবেশগত ক্ষতি রোধ করতেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।

এর আগে চলতি মাসের শুরুর দিকে সিগুইরি অঞ্চল থেকে অবৈধ স্বর্ণ উত্তোলনের সন্দেহে এক হাজার ২০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। এ ছাড়া চলতি সপ্তাহেই গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রথম গণবিচার শুরু হয়েছে।

banner
Link copied!