কেনিয়ার কর্তৃপক্ষ শনিবার দাদাব শরণার্থী শিবিরে ঘটা সহিংস বিক্ষোভের ঘটনায় একটি তদন্ত শুরু করেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে সোমালিয়া সীমান্তবর্তী গারিসা কাউন্টির হাগাদেরা শিবিরে সকালে এই অস্থিরতা ছড়িয়ে পড়ে।
শরণার্থী সেবা বিভাগ জানিয়েছে, বিক্ষোভকারীরা সংস্থার কার্যালয় ভাঙচুর করেছে এবং সরকারি সরঞ্জাম লুট করেছে। নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানেও ভাঙচুর চালায় এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে, যার ফলে বেশ কয়েকটি স্থানীয় দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হয় ব্যবসায়ীরা।
একটি উন্মুক্ত মাঠে আধুনিক বাজার নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে শরণার্থী যুবকদের বিরোধিতার জেরে এই সহিংসতার সূত্রপাত হয়। শরণার্থী বিভাগ জানিয়েছে, এই অবকাঠামোগত প্রকল্পের মাধ্যমে শরণার্থী এবং স্থানীয় মূল বাসিন্দা উভয় জনগোষ্ঠীই উপকৃত হতো।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিভাগটি জানিয়েছে, হাগাদেরার শরণার্থী এবং স্থানীয় বাসিন্দা উভয়কেই সেবা দেওয়ার জন্যই এই কার্যালয় ও অন্যান্য অবকাঠামো তৈরি করা হয়েছিল।
এই ধ্বংসযজ্ঞ এলাকার জনসেবামূলক কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করবে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা। বিভাগটি আরও যোগ করেছে, যার জন্য এটি তৈরি করা হয়েছিল, এই ধ্বংসযজ্ঞ তাদেরই ক্ষতি করছে, জরুরি সেবা ব্যাহত করছে এবং এই এলাকার সম্প্রদায়গুলো অত্যন্ত পরিশ্রমে যে শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তুলেছে তা হুমকির মুখে ফেলছে।
সম্প্রদায়ের প্রতিনিধি মাহাত মৌলিদ অভিযোগ করেছেন যে, বাজার প্রকল্পের বিরোধী বাইরের কোনো ব্যবসায়ী স্বার্থান্বেষী মহল হয়তো এই অস্থিরতা উসকে দিয়েছে। শরণার্থী ও স্থানীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে পূর্বে আলোচনা হওয়া সত্ত্বেও এই ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, দাদাব শিবিরে চার লাখ ৩৮ হাজারের বেশি শরণার্থী ও আশ্রয়প্রার্থী বসবাস করেন। এই শিবিরের জনসংখ্যার প্রায় ৯৭ শতাংশই সোমালিয়া থেকে আসা এবং জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে যে এক হাগাদেরা শিবিরেই এক লাখ ৪৫ হাজারেরও বেশি শরণার্থী ও আশ্রয়প্রার্থী রয়েছে।
১৯৯১ সালে প্রতিষ্ঠিত দাদাব মূলত সোমালিয়ার গৃহযুদ্ধ থেকে পালিয়ে আসা লোকজনকে আশ্রয় দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। দশকের পর দশক ধরে এই এলাকা প্রসারিত হয়ে বিশ্বের অন্যতম বৃহত্তম শরণার্থী শিবিরে পরিণত হয়েছে, যেখানে সোমালি পরিবারের একাধিক প্রজন্ম বসবাস করে আসছে।
সরকারি কর্তৃপক্ষ শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছে এবং বাসিন্দাদের আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে তাগিদ দিয়েছে। কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে সরকারি স্থাপনার ওপর হামলা শরণার্থী এবং আশপাশের কেনীয় সম্প্রদায় উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রাণ সরবরাহকে হুমকির মুখে ফেলছে।
পুলিশ নিশ্চিত করেছে যে উসকানি দাতাদের চিহ্নিত করতে, লুট হওয়া সরঞ্জাম উদ্ধার করতে এবং এলাকায় আরও বিশৃঙ্খলা রোধে নিরাপত্তা নিশ্চিত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
