রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

শরণার্থী শিবিরে আগুন

লেবাননে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই সিরীয় শরণার্থীদের তাঁবু

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৫, ২০২৬, ১১:৩০ পিএম

লেবাননে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই সিরীয় শরণার্থীদের তাঁবু

লেবাননের পূর্বাঞ্চলে রাতের আঁধারে আঘাত হানা এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সিরীয় শরণার্থীদের একটি শিবিরের সমস্ত তাঁবু পুড়ে ছাই হয়ে গেছে। বাকা উপত্যকার জাহলে জেলার বার ইলিয়াস শহরের সাদা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রতিবেশী দেশ সিরিয়ার সংঘাত এাণে পালিয়ে আসা প্রায় ৪৮৬ জন মানুষ এই শিবিরে বসবাস করতেন। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে ভিন্ন তথ্য পাওয়া গেছে।

আনাদোলু বার্তা সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে, শিবিরের সব কটি অর্থাৎ ৫৯টি তাঁবুই পুড়ে গেছে। তবে সৌভাগ্যবশত এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

অন্যদিকে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি ক্ষয়ক্ষতির ভিন্ন একটি চিত্র তুলে ধরেছে। দেশটির সিভিল ডিফেন্সের মহাপরিচালকের বরাত দিয়ে রবিবার সকালে জানানো হয়, আগুনে ৩০টি তাঁবু ও একটি গাড়ি ধ্বংস হয়েছে।

সিভিল ডিফেন্সের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ছাড়া অ্যাম্বুলেন্সের দল আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য বার ইলিয়াসের আল-নাসরা হাসপাতালে নিয়ে যায়।

এই দুর্ঘটনা লেবাননে অবস্থানরত সিরীয় শরণার্থীদের তীব্র সংকটের সঙ্গে নতুন মাত্রা যোগ করেছে। ২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটি বাস্তুচ্যুত বিপুলসংখ্যক মানুষকে আশ্রয় দিয়ে আসছে।

লেবাননের কর্তৃপক্ষের গত জানুয়ারি মাসের প্রাক্কলন অনুযায়ী, দেশটিতে প্রায় ১৫ লাখ সিরীয় শরণার্থী বসবাস করছিলেন। এর মধ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের নিবন্ধিত শরণার্থীর সংখ্যা ছিল প্রায় ৮ লাখ ৮০ হাজার।

লেবানন সরকার গত বছরের জুন মাসে একটি স্বেচ্ছামূলক প্রত্যাবাসন কর্মসূচি চালুর মাধ্যমে শরণার্থীদের নিজ দেশে ফেরানোর উদ্যোগ নেয়।

ওই বছরের শেষ নাগাদ ইউএনএইচসিআরের বার্ষিক প্রতিবেদনে নিশ্চিত করা হয় যে, পাঁচ লাখেরও বেশি সিরীয় শরণার্থী লেবানন ছেড়ে গেছেন। এর মধ্যে প্রায় ২ লাখ ৪০ হাজার ৩০০ জনের দেশত্যাগের বিষয়টি স্বেচ্ছামূলক প্রত্যাবাসন হিসেবে যাচাই করা হয়েছে।

banner
Link copied!