শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিভেন্ট কৌশল মামলা

ফিলিস্তিনি ব্যাজ পরায় শাস্তি এড়াতে ক্ষতিপূরণ দিল লায়ন একাডেমি ট্রাস্ট

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ২০, ২০২৬, ০২:৩০ পিএম

ফিলিস্তিনি ব্যাজ পরায় শাস্তি এড়াতে ক্ষতিপূরণ দিল লায়ন একাডেমি ট্রাস্ট

পূর্ব লন্ডনের একটি একাডেমি ট্রাস্ট চার শিশুকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। স্কুলে ফিলিস্তিনের সংহতিসূচক প্রতীক পরিধান করায় ওই শিশুদের বিরুদ্ধে সরকারি চরমপন্থা প্রতিরোধ কর্মসূচিতে পাঠানোর হুমকি দেওয়া হয়েছিল।

মধ্য লন্ডন কাউন্টি আদালতে পরিবারগুলোর দায়ের করা আইনি চ্যালেঞ্জের পর লায়ন একাডেমি ট্রাস্ট আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করে। এই বিরোধের সূত্রপাত ২০২৩ সালের নভেম্বর মাসে।

লেটন এলাকার বার্কলে প্রাইমারি স্কুল চিলড্রেন ইন নিড উপলক্ষে একটি ফান্ডরাইজিং দিবসের আয়োজন করে। ওই সময় ছয় থেকে ১০ বছর বয়সী চার ব্রিটিশ মুসলিম শিক্ষার্থী স্কুলে আসে ফিলিস্তিনের পতাকা বা রঙের বিভিন্ন উপাদান পরে।

গাজায় নিহত এবং সংঘাতে ক্ষতিগ্রস্ত শিশুদের স্মরণ করতেই তারা এই উদ্যোগ নেয়। এক শিক্ষার্থী ফিলিস্তিনি রঙের বো টাইযুক্ত একটি প্যাডসি স্টিকার পরেছিল।

অন্য এক শিক্ষার্থী ফিলিস্তিনের পতাকা সম্বলিত একটি ঘরোয়া ব্যাজ পরিধান করে। এই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের কাছে চিঠি পাঠায়।

চিঠিতে সতর্ক করা হয় যে শিশুদের প্রিভেন্ট নামক সরকারি চরমপন্থা দমন কর্মসূচিতে বা স্থানীয় ঘৃণা অপরাধ দমন দলের কাছে পাঠানো হতে পারে। পরিবারগুলো মাসের পর মাস স্কুলের কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।

এরপর তারা আদালতের শরণাপন্ন হন। শিশুদের আইনজীবী দল প্রত্যক্ষ ও পরোক্ষ বৈষম্য এবং জাতি, ধর্ম ও বিশ্বাসের ভিত্তিতে হয়রানির অভিযোগ তোলেন।

তারা যুক্তি দেখান যে স্কুল শিশুদের মতপ্রকাশের স্বাধীনতা এবং চিন্তা ও বিশ্বাসের অধিকার লঙ্ঘন করেছে। ক্ষতিগ্রস্ত এক শিশুর পিতা শহীদ আছহালা এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেন।

তার আট বছর বয়সী ছেলে গাজায় ক্ষতিগ্রস্ত শিশুদের প্রতি সমবেদনা জানাচ্ছিল। এমনকি গাজায় তার পরিবারের আত্মীয়স্বজনও রয়েছে।

সহায়তা পাওয়ার বদলে তার সন্তান মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার মতো আচরণের শিকার হয়। আছহালা জানান যে প্রায় তিন বছর ধরে আইনি লড়াই চালিয়ে তবেই জবাবদিহিতা নিশ্চিত করতে হয়েছে।

পরিবারগুলো লায়ন একাডেমি ট্রাস্টের ক্ষমা প্রার্থনাকে স্বাগত জানিয়েছে। তবে তারা মনে করেন যে এই দীর্ঘ ভোগান্তি আরও আগেই সমাধান করা যেত।

আইনি লড়াইয়ে পরিবারগুলোকে সহায়তা করেছে লি ডে আইন ফার্ম। পাশাপাশি প্রিভেন্ট ওয়াচ নামের একটি সংস্থাও আইনি ও কেসওয়ার্ক সহায়তা প্রদান করেছে।

প্রিভেন্ট ওয়াচের পরিচালক লায়লা আইতলহাদজ জানান যে অভিভাবকদের বছরের পর বছর চাপ সহ্য করতে হয়েছে। লায়ন একাডেমি ট্রাস্টের পক্ষ থেকে এই সমঝোতা ও আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

banner
Link copied!