শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা পুনর্বাসন

তুরস্কে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থী পুনর্বাসনের ঘোষণা মালয়েশিয়ার

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ২০, ২০২৬, ০৩:০০ পিএম

তুরস্কে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থী পুনর্বাসনের ঘোষণা মালয়েশিয়ার

একটি কাঠামোগত দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসনের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া।

মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৭ সালে সামরিক অভিযানের পর এটি রোহিঙ্গাদের জন্য অন্যতম বৃহৎ পুনর্বাসন উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি এই পরিকল্পনা জাতির সামনে তুলে ধরেন।

আন্তর্জাতিক আদালতে ২০১৭ সালে মিয়ানমার নিরাপত্তা বাহিনীর মাধ্যমে রোহিঙ্গাদের ওপর হত্যা ও যৌন সহিংসতাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত গণহত্যা হিসেবে রায়ের পর দিন এই ঘোষণা এল।

মালয়েশিয়ায় শরণার্থীদের পরিস্থিতি আরও সমন্বিত ও মানবিক উপায়ে মোকাবিলা করাই এই প্রস্তাবের মূল লক্ষ্য বলে জানান আহমাদ জাহিদ।

এক বিবৃতিতে আহমাদ জাহিদ বলেন, ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে গ্রহণ করতে তুরস্ক সরকারের সম্মত হওয়ার বিষয়টি তিনি স্বাগত জানান।

অভিবাসন ব্যবস্থাপনা ও জাতীয় নিরাপত্তার দীর্ঘদিনের চ্যালেঞ্জ মোকাবিলায় দীর্ঘমেয়াদি সমাধানের প্রচেষ্টায় এটি মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক শরণার্থী পুনর্বাসন সহযোগিতার ক্ষেত্রে এই উদ্যোগ একটি আদর্শ মডেল হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাছাই প্রক্রিয়া, প্রশিক্ষণ, কাগজপত্র তৈরি এবং পুনর্বাসন সমন্বয় করতে দেশটির সরকার তুর্কি কর্র্তৃপক্ষ, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং অন্যান্য গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে কাজ করবে।

শিল্প খাতের চাহিদা, ব্যক্তিগত সম্মতি এবং আন্তর্জাতিক নিয়মকানুন বিবেচনা করেই এর বাস্তবায়ন করা হবে বলে জানান আহমাদ জাহিদ। তবে এই বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য মালয়েশিয়ার ওপর দীর্ঘদিন ধরেই চাপ ছিল।

ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত মালয়েশিয়ায় মিয়ানমারের প্রায় ১ লাখ ৯৩ হাজার নিবন্ধিত শরণার্থী ছিলেন, যার প্রায় দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা সম্প্রদায়ের।

জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত মিয়ানমারের ১০ হাজারেরও বেশি নাগরিককে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।

banner
Link copied!