রবিবার, ২৪ মে, ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন শায়খ আলী আল-হুদাইফি

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২৪, ২০২৬, ০৬:০৭ পিএম

আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন শায়খ আলী আল-হুদাইফি

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আরাফাতের ময়দানে হজের খুতবা প্রদানের জন্য মসজিদে নববীর প্রবীণ ইমাম শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফিকে মনোনীত করা হয়েছে। আগামী ৯ জিলহজ তিনি আরাফাতের ঐতিহাসিক মসজিদে নামিরা থেকে সমবেত হাজিদের উদ্দেশ্যে খুতবা দেবেন। সৌদি বাদশাহ ও রাজকীয় কর্তৃপক্ষের অনুমোদনে এই গুরুত্বপূর্ণ ধর্মীয় দায়িত্ব অর্পণ করা হয়েছে।মুসলীম বিশ্বে তিনি তাঁর সুললিত তিলাওয়াতের জন্য বিশেষভাবে পরিচিত।

১৯৪৭ সালে সৌদি আরবের মক্কা প্রদেশে জন্মগ্রহণ করেন শায়খ আলী আল-হুদাইফি। পড়াশোনা শেষে দীর্ঘ কয়েক দশক ধরে তিনি মদিনায় অবস্থিত মসজিদে নববীতে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ১৯৭৯ সালে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। ইসলামি শরিয়াহ ও আইনে তার সুগভীর পাণ্ডিত্য রয়েছে। তিনি মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইনে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। দীর্ঘ ইমামতি জীবনে তিনি মসজিদে নববীসহ মসজিদুল হারামেও তারাবির নামাজে নেতৃত্ব দিয়েছেন।

পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক পরিষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। সৌদি বাদশাহ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নির্দেশনায় তাকে হজের এই মহান দায়িত্ব দেওয়া হয়েছে। পবিত্র আরাফাতের ময়দানে হাজিদের উদ্দেশ্যে এই খুতবা ইসলামের শান্তি ও ঐক্যের বার্তা বহন করে।

শরিয়তের বিধান অনুযায়ী, আরাফাতের ময়দানে অবস্থান করা হজের মূল রুকন। খুতবা শেষে হাজিরা একসঙ্গে জোহর ও আছরের নামাজ আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করে আল্লাহর ইবাদতে মগ্ন থাকবেন। শায়খ আল-হুদাইফির কণ্ঠে এই খুতবা শুনতে সারাবিশ্বের কোটি কোটি মুসলমানের দৃষ্টি এখন আরাফাতের দিকে।

banner
Link copied!