মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিচারক প্যানেলে বাংলাদেশি

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : জুলাই ৬, ২০২৬, ১১:০২ পিএম

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিচারক প্যানেলে বাংলাদেশি

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ১২তম ইমাম আল-শাতিবি আন্তর্জাতিক পবিত্র কোরআন হিফজ ও দশ কিরাআত প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত কোরআনের হাফেজ, কিরাআত বিশারদ ও গবেষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক আয়োজনকে কোরআনচর্চার অন্যতম মর্যাদাপূর্ণ আসর হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক হাজারের বেশি প্রতিযোগী অংশ নিয়েছেন। পবিত্র কোরআনের হিফজ ও দশ কিরাআতের ওপর তাদের দক্ষতা যাচাই করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোরআন বিশারদদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল। এই বিচারক প্যানেলের সদস্য হিসেবে এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন দেশের শায়খুল কুররা শায়খ আহমদ বিন ইউসুফ আল-আজহারী।

এই দায়িত্ব পালনের সুযোগকে মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শায়খ আহমদ বিন ইউসুফ আল-আজহারী। তিনি প্রতিযোগিতার সফলতা, আন্তরিকতা ও গ্রহণযোগ্যতার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে এই আয়োজন যেন কোরআনের খেদমত, হাফেজ ও কিরাআত বিশারদদের সম্মান বৃদ্ধি এবং মুসলিম উম্মাহর জন্য কল্যাণের উৎস হয়ে ওঠে।

এবারের আন্তর্জাতিক বিচারক প্যানেলে শায়খ আহমদ বিন ইউসুফ আল-আজহারী ছাড়াও রয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ওলামা ও কিরাআত বিশারদ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মিসরের সাবেক প্রধান ক্বারী শায়খ ড. আহমদ ঈসা আল-মাসরাওয়ী, তুরস্কের শায়খ হাফিজ উসমান শাহিন, জর্ডানের ড. আহমদ আল-কুদাহ ও শায়খ হাসান আবু আল-নার। এছাড়া মালয়েশিয়ার শায়খ আবদুল করিম বিন জাকারিয়া, তিউনিসিয়ার শায়খ আবদুল মুনইম আল-মাকসাবি, সোমালিয়ার শায়খ খাদের বাহি, মিসরের শায়খ আহমদ মাবরুক এবং যুক্তরাষ্ট্রের শায়খ আবদুর রুকন আল-সুসি বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের মিলনমেলায় পরিণত হওয়া এই আসরটি কোরআনের শিক্ষা ও শুদ্ধ উচ্চারণের চর্চাকে উৎসাহিত করে। প্রতিযোগিতার মাধ্যমে একদিকে যেমন হিফজ ও কিরাআতের মানদণ্ড নির্ধারিত হচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে মুসলিম উম্মাহর ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ছে। মিনিয়াপোলিসে আয়োজিত এই প্রতিযোগিতা এখন কোরআন প্রেমী মানুষের কাছে একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বিচারক প্যানেলের সদস্যরা অংশগ্রহণকারীদের তেলাওয়াত ও হিফজের সূক্ষ্ম দিকগুলো মূল্যায়ন করছেন, যা প্রতিযোগীদের জন্য একটি বড় শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে কাজ করছে।

banner
Link copied!