নাইজেরিয়ার বিরোধীদলীয় নেতা পিটার ওবির গাড়িবহরে হামলা চালানো হয়েছে। রাজনৈতিক সফরে কালাবার শহর পরিদর্শনের সময় এই ঘটনা ঘটে।
শহরের ঐতিহ্যবাহী শাসক ওবং অব কালাবারের রাজপ্রাসাদ থেকে পিটার ওবি এবং তার সফরসঙ্গীরা বের হওয়ার কিছুক্ষণ পরই এই হামলা হয়।
রামদা ও লাঠিসোঁটায় সজ্জিত হামলাকারীরা গাড়ি লক্ষ্য করে ইট ও বিভিন্ন বস্তু ছুড়ে মারে।
এতে বেশ কয়েকটি গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং সেখানে উপস্থিত স্থানীয় ব্যবসায়ী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই ঘটনার পর ক্রস রিভার রাজ্য পুলিশ কমান্ড জানিয়েছে যে তারা সাতাশ বছর বয়সী এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে।
আটক ব্যক্তির নাম ভিক্টর এদেত ইয়েলো ডিউক বলে জানিয়েছে পুলিশ এবং ঘটনার তদন্ত চলছে।
নাইজেরিয়া ডেমোক্রেটিক কংগ্রেস পার্টির উদ্যোগে আয়োজিত একটি টাউনহল মিটিংয়ে যোগ দিতে যাওয়ার সময় এই হামলার মুখে পড়েন পিটার ওবি।
এর মাত্র কয়েক দিন আগে Ekiti রাজ্যে আফ্রিকান অ্যাকশন কংগ্রেসের রাষ্ট্রপতি পদপ্রার্থী ওমোয়েলে সোওয়ারেও অনুরূপ নিরাপত্তা সংকটের মুখে পড়েছিলেন।
আগামী ২০২৭ সালের সাধারণ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তুতি জোরদার করছে।
ক্ষমতাসীন অল প্রগ্রেসিভ কংগ্রেসের ব্যানারে দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট বোলা টিনুবু।
সাবেক উপরাষ্ট্রপতি আতিকু আবুবকর এবং পিটার ওবির মতো বিরোধী নেতারাও তাদের নিজ নিজ নীতিগত প্রস্তাব উপস্থাপন করছেন।
তাদের রাজনৈতিক এজেন্ডার মূল কেন্দ্রে রয়েছে দেশজুড়ে বিদ্যমান নিরাপত্তাহীনতা, অর্থনৈতিক সংকট এবং সুশাসনের চ্যালেঞ্জ মোকাবিলা।
নাইজেরিয়ার রাজনীতিতে নির্বাচন কেন্দ্র করে সহিংসতার দীর্ঘ ইতিহাস রয়েছে।
এর মধ্যে প্রায়ই রাজনৈতিক সমর্থকদের ওপর হামলা, ভোটারদের ভয়ভ দেখানো এবং প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
দেশটির নিরাপত্তা, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্থিতিশীলতা নিয়ে ব্যাপক উদ্বেগের মধ্য দিয়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সাধারণ নির্বাচন।
