সুদানের দক্ষিণাঞ্চলের পশ্চিম কর্ডোফান রাজ্যের আকাশসীমায় উড়ে আসা একটি শত্রু ড্রোন সফলভাবে প্রতিহত করে নিচে নামিয়েছে দেশটির সেনাবাহিনী। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সুনা-র মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানান এক সামরিক মুখপাত্র। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সকালের দিকে আইয়াল বাখিত এলাকার ওপর এই ঘটনা ঘটে।
সরকারি ওই বিবৃতিতে ভূপাতিত করা উড়োজাহাজটিকে এফএইচ-৯৫ ড্রোন হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে নামিয়ে আনা এই ড্রোনটি কোন পক্ষ বা গোষ্ঠীর দ্বারা পরিচালিত হচ্ছিল, সে বিষয়ে সামরিক বাহিনীর বিবৃতিতে কোনো তথ্য দেওয়া হয়নি।
করডফানের তিনটি রাজ্যেই সুদানি সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে চলমান তীব্র লড়াইয়ের মাঝেই ড্রোন ভূপাতিত করার এই ঘটনা ঘটল। এর আগে গত বৃহস্পতিবার সেনাবাহিনী জানায় যে তারা উত্তর ও দক্ষিণ কর্ডোফানের চারটি ভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে।
ওই সব সংঘাতের সময় আধাসামরিক বাহিনীর ৪০টি যুদ্ধযান ধ্বংস এবং আরও ৪৩টি যান জব্দ করা হয়েছে বলে দাবি করে সেনাবাহিনী। গত কয়েক সপ্তাহে র্যাপিড সাপোর্ট ফোর্সেসের সঙ্গে তীব্র যুদ্ধের পর উত্তর কর্ডোফানের আরও ১১টি এলাকা নিজেদের দখলে নেওয়ার কথা জানায় সেনা কর্তৃপক্ষ।
সামরিক অবস্থান সুসংহত করার উদ্দেশ্যে দুই পক্ষই লড়াই চালিয়ে যাওয়ায় গত ২৫ অক্টোবর থেকে উত্তর, পশ্চিম ও দক্ষিণ কর্ডোফান অঞ্চলে সশস্ত্র সংঘর্ষ অব্যাহত রয়েছে। ২০২৩ সালের এপ্রিল মাসে সেনাবাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে এই সর্বাত্মক সংঘাত শুরু হয়।
জাতিসংঘের প্রাক্কলন অনুযায়ী, চলমান এই সংঘাতে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং বাস্তুচ্যুত হয়েছে লক্ষ লক্ষ মানুষ।
