মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ইরাকে জ্বালানি স্থাপনায় হামলা

খোর মোর গ্যাসফিল্ডে ড্রোন হামলা: বিদ্যুৎহীন কুর্দিস্তান অঞ্চলের বড় অংশ

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ৯, ২০২৬, ০৮:০০ এএম

খোর মোর গ্যাসফিল্ডে ড্রোন হামলা: বিদ্যুৎহীন কুর্দিস্তান অঞ্চলের বড় অংশ

উত্তর ইরাকের খোর মোর গ্যাস কারখানায় একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। গতকাল রবিবারে রাতের এই বিস্ফোরণে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং আংশিক স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়।

কর্মকর্তারা জানান, এই হামলার কারণে বেশ কয়েকটি শহরের বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে ওই অঞ্চলের ৭০ শতাংশের বেশি এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

কুর্দিস্তান আঞ্চলিক সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র ওমিদ আহমেদ জানান, এই আকস্মিক হামলার ফলে এরবিল, সুলাইমানিয়া, বাজিয়ান, চামচামাল এবং দোহুক এলাকার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সিতে তার এই বক্তব্য প্রকাশিত হয়.

বিস্ফোরণের কারণে জাতীয় গ্রিড থেকে আড়াই হাজার থেকে দুই হাজার আটশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বিচ্ছিন্ন হয়ে যায়।

ওমিদ আহমেদ আরও জানান, হাসপাতাল এবং পানি শোধনাগারের মতো অতি জরুরি সেবাগুলো সচল রাখতে জলবিদ্যুৎ কেন্দ্র ও বিকল্প জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা চালাচ্ছে মন্ত্রণালয়।

বাগদাদের নিরাপত্তা সূত্র জানায়, বিস্ফোরকভর্তি একটি ড্রোন সরাসরি গ্যাস সংরক্ষণ স্থাপনাটিতে আঘাত হানে। এর ফলে সমগ্র জ্বালানি গ্রিডের উৎপাদন ক্ষমতা ৭০ থেকে ৮০ শতাংশ কমে যায়।

সুলাইমানিয়া গভর্নরেটে অবস্থিত এই গ্যাসফিল্ডের আশপাশ থেকে ধোঁয়া ও আগুনের শিখা উড়তে দেখা গেছে। এমন কিছু ভিডিও ফুটেজের সত্যতাও নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী আলী আল-জাইদি জানিয়েছেন, প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী এই হামলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

ইরাকি এই শীর্ষ নেতা ঘটনাটি তদন্ত করার জন্য আঞ্চলিক কুর্দি কর্তৃপক্ষের সঙ্গে মিলে একটি যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের চলমান সামরিক উত্তেজনার সঙ্গে এই ড্রোন হামলার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়।

গত বছরও এই গ্যাস স্থাপনাটিতে একই ধরনের একটি ড্রোন হামলা হয়েছিল এবং সেবারও কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি।

banner
Link copied!