উচ্চপর্যায়ের সমন্বয় আলোচনার অংশ হিসেবে গত সোমবার দামেস্কে বৈঠক করেছেন জর্ডান ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার তথ্য অনুযায়ী, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি গত সোমবার সকালে সিরিয়ার রাজধানীতে পৌঁছান এবং দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।
জর্ডানীয় প্রতিনিধিদলে দেশটির শীর্ষস্থানীয় নিরাপত্তা ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলে আরও ছিলেন জর্ডানের যৌথ বাহিনীর প্রধান মেজর জেনারেল মাজদি আল হারাসিস এবং সাধারণ গোয়েন্দা বিভাগের পরিচালক মেজর জেনারেল আহমাদ হুসনি।
জর্ডানের সমান্তরালে সিরীয় পক্ষ থেকেও উচ্চপর্যায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মুরহাফ আবু কাসরা, সাধারণ গোয়েন্দা অধিদপ্তরের প্রধান মেজর জেনারেল আব্দুল কাদির তাহা এবং সেনাপ্রধান মেজর জেনারেল আলী আল নাসান এই বৈঠকে যোগ দেন।
গত এপ্রিলে আম্মানে অনুষ্ঠিত পূর্ববর্তী বৈঠকের চুক্তিগুলোর বাস্তবায়ন পর্যালোচনা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ওপর আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। গত ২০২৫ সালের ১৮ এপ্রিল দেশ দুটি উচ্চ সমন্বয় পরিষদ গঠন করেছিল।
জ্বালানি, স্বাস্থ্য, শিল্প, বাণিজ্য, পরিবহন এবং কৃষি খাতে সহযোগিতা সমন্বয়ের একটি কাঠামো হিসেবে কাজ করে এই পরিষদ। কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণ ও অভিন্ন স্বার্থ এগিয়ে নিতে দুই দেশের কর্তৃপক্ষ বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা করেছে।
তবে এই বৈঠকে অনুষ্ঠিত রুদ্ধদ্বার আলোচনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
