লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী গত বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত তাদের কর্মঞ্চলজুড়ে অবিরাম ইসরায়েলি সামরিক কার্যক্রম রেকর্ড করেছে বলে জানিয়েছেন জাতিসংঘ কর্মকর্তারা।
নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক জানান, শান্তিরক্ষীরা এই চার দিনে ড্রোনের উড্ডয়নের পাশাপাশি চলমান প্রকৌশল কাজ ও সড়ক নির্মাণকাজ নথিবদ্ধ করেছেন।
শান্তিরক্ষীরা গত বৃহস্পতিবার তিনটি এবং রবিবার আরও তিনটি ইসরায়েলি বিমান হামলা নথিভুক্ত করেছেন। পর্যবেক্ষকরা এই সময়ে ৩৬০টি গোলার গতিপথও রেকর্ড করেছেন।
ওই ব্রিফিংয়ে ফারহান হক জানান, এই গোলাবর্ষণ দক্ষিণ লেবাননের বিভিন্ন জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হেনেছে।
পূর্ব ও পশ্চিম উভয় সেক্টরেই স্থায়ী সামরিক উপস্থিতির ইঙ্গিত দেখতে পেয়েছেন পর্যবেক্ষকরা। তবে এই নির্মাণ প্রকল্পগুলোর উদ্দেশ্য কী বা সৈন্যরা কত দিন অবস্থান করবে, সে বিষয়ে ব্রিফিংয়ে কিছু জানানো হয়নি।
বিশেষ করে পূর্বাঞ্চলে শারীরিক বাধা ও গেটগুলোর কারণে শান্তিরক্ষীদের টহল ব্যাহত হওয়া অব্যাহত রয়েছে। এছাড়া গত শুক্রবার আল-বায়িয়াদা এলাকার কাছাকাছি উভয় দিকেই বেসামরিক যান চলাচল সীমিত করে দেয় ইসরায়েলি ট্যাংক ও সেনারা।
ইউনিফিল এবং জাতিসংঘের মানবিক কার্যালয়ের যৌথ ব্যবস্থাপনায় মানবিক সহায়তসামগ্রী পৌঁছে দেওয়ার কাজ অব্যাহত রয়েছে। কর্মকর্তারা গত বৃহস্পতিবার পাঁচটি এবং শুক্রবার একটি সমন্বিত পরিবহন কার্যক্রম সম্পন্ন করেছেন।
একটি ইউনিফিল অবস্থানের কাছে অস্ত্রের গুদাম থাকার বিষয়ে ইসরায়েলের দাবি সম্পর্কে ফারহান হক জানান, লিতানি নদীর দক্ষিণে অননুমোদিত অস্ত্র নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের লঙ্ঘন।
শান্তিরক্ষীরা তাদের দায়িত্ব পালনকালে শত শত অননুমোদিত অস্ত্রের সন্ধান পেয়েছেন। তবে ফারহান হক উল্লেখ করেন যে, ব্যক্তিগত সম্পত্তিতে তল্লাশি চালানো বা সশস্ত্র গোষ্ঠীগুলোকে জোরপূর্বক নিস্ত্রীকরণ করার এখতিয়ার এই মিশনের নেই।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর ইউনিফিল মিশন তাদের কার্যক্রম সমাপ্ত করতে যাচ্ছে, যা ভবিষ্যতের নিরাপত্তা ব্যবস্থাকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।
