ইরানের সাথে কৌশলগত গুরুত্বপূর্ণ শীম সীমান্ত ক্রসিংটি মঙ্গলবার সকালে পুনরায় খুলে দেওয়া হয়েছে। তেহরানকে একঘরে করার বিষয়ে মার্কিন চাপের মুখে নিরাপত্তা যাচাই এবং চোরাচালান রোধে আধুনিক শনাক্তকরণ যন্ত্র স্থাপনের জন্য গত মাসে মিসান প্রদেশের আল-শীম সীমান্ত সুবিধাটি বন্ধ করে দিয়েছিল দেশটির সরকার।
যাত্রী ও পণ্য চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রযুক্তিগত চাহিদা ও প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এই সীমান্ত খুলে দেওয়া হলো। ইরাকের বর্ডার পোর্টস অথরিটির প্রধান আলা আল-ওয়ায়েলি এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী শুক্রবার ইরানের সাথে থাকা মান্দালি সীমান্ত ক্রসিং সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে মান্দালি বন্দরে এই কাজের জন্য কত দিন সময় লাগতে পারে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য জানাননি কর্মকর্তারা।
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন জানিয়েছেন, প্রতিবেশী ইরানের সাথে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছে ওয়াশিংটন। তিনি স্বীকার করেছেন যে মার্কিন প্রশাসনের সাথে এ বিষয়ে আলোচনা এখনো চলমান রয়েছে।
সীমান্তে নানা বিধিনিষেধ আরোপের মাধ্যমে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য বলে ইঙ্গিত দিয়েছেন দুই রাজনৈতিক সূত্র। এর ফলে পূর্বাঞ্চলীয় প্রতিবেশীর সাথে বাণিজ্যিক ও ট্রানজিট সম্পর্ক বজায় রাখা নিয়ে কূটনৈতিক টানাপোড়েনের মুখে পড়েছে বাগদাদ।
এর আগে শীম সীমান্ত ক্রসিং বন্ধ রাখার সিদ্ধান্তটি কেন্দ্রীয় সরকার ও মিসানের স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি করেছিল। একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অর্থনৈতিক পথ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় পর্যায়ে তীব্র অসন্তোষ ও বিক্ষোভ দেখা দিয়েছিল।
গত সেপ্টেম্বর মাসে সৌদি আরবের একটি পাইপলাইনে অজ্ঞাত ড্রোন হামলার উৎস আল-শীমের কাছাকাছি এলাকা থেকে শনাক্ত হওয়ার পর, ইরানের সাথে বেশ কয়েকটি সীমান্ত সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল বাগদাদ। এই অঞ্চলের ইরানপন্থী সশস্ত্র দলগুলো তেহরানকে সমর্থন দিয়ে আসছে এবং মার্কিন ঘাঁটিগুলোতে বহুবার হামলা চালিয়েছে।
