মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব আইনি সুযোগ শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন দেশের চিফ প্রসিকিউটর। মঙ্গলবার ঢাকার ট্রাইব্যুনালে সাংবাদিকদের এই কথা জানান মো. আমিনুল ইসলাম।
গত ২০২৪ সালের আগস্টে তীব্র গণঅভুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিন। এর পর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। বাংলাদেশের একটি দৈনিক পত্রিকার মঙ্গলবারের প্রতিবেদন অনুযায়ী, ভারতে তার বর্তমান আইনি মর্যাদা সম্পর্কে পরিষ্কার কিছু জানা যায়নি।
গত নভেম্বর মাসে মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে। ২০২৪ সালের গণঅভ্যুত্থান দমনে তার সরকারের চালানো নির্মম দমনপীড়নের ঘটনায় এই সাজা ঘোষণা করা হয়।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই সময়কার সহিংসতায় অন্তত ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হন। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, এসব মৃত্যুর একটি বড় অংশের জন্য সরাসরি শেখ হাসিনার নিরাপত্তা বাহিনী ও তার দল আওয়ামী লীগের কর্মীরা দায়ী ছিল।
প্রসিকিউটর ইসলাম জানান, রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ ছিল শেখ হাসিনার। তিনি সাংবাদিকদের বলেন, তিনি যদি সত্যিই বাংলাদেশে ফিরতে চাইতেন, তবে বিচার চলাকালেই ফিরে এসে মামলার মুখোমুখি হতেন।
লন্ডনের একটি আইনি প্রতিষ্ঠান শেখ হাসিনার জন্য বাংলাদেশি পাসপোর্ট বা ভ্রমণ নথি চেয়েছিল বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা নাকচ করে দিয়েছেন চিফ প্রসিকিউটর। ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশের আইনি বিধিনিষেধের কথা উল্লেখ করে তিনি জানান, ফৌজদারি অপরাধে দণ্ডিত কোনো ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই।
শেখ হাসিনার দল আওয়ামী লীগের কোনো অংশ তাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশের ভেতরে অস্থিরতা তৈরির চেষ্টা করছে কি না, সেই প্রশ্নও তোলেন প্রসিকিউটর ইসলাম। একই সঙ্গে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে একটি নির্দিষ্ট পদক্ষেপের কথা জানান তিনি।
মো. আমিনুল ইসলাম বলেন, তিনি যদি সত্যিই ফিরতে চান, তবে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত সরকারের কাছে তাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য লিখিত আবেদন করা উচিত।
