হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটে এবং সেগুলোতে আগুন ধরে যায়। দেশটির আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থার প্রকাশিত এক বিবৃতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস নৌবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।
সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়, জাহাজ দুটি যখন একটি অননুমোদিত জলপথ দিয়ে যাওয়ার সময় থেমে ছিল, তখনই এই বিস্ফোরণ এবং বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে একটি জাহাজ ছিল সুপারট্যাংকার, যা একটি নৌমাইনের সংস্পর্শে আসার পর বিস্ফোরিত হয়।
দ্বিতীয় ট্যাংকারটি নিষিদ্ধ রুট দিয়ে গোপনে পার হওয়ার চেষ্টার সময় এক অপ্রকাশিত দুর্ঘটনার মুখে পড়ে। রেভল্যুশনারি গার্ডের দাবি অনুযায়ী, এই দ্বিতীয় জাহাজটিকে যুক্তরাষ্ট্রের সামরিক যুদ্ধবিমানগুলো সহায়তা দিচ্ছিল। পরে জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে অগ্নিকুণ্ডলীতে পরিণত হয়।
রেভল্যুশনারি গার্ড নৌবাহিনীর ভাষ্যমতে, এই পারাপারের চেষ্টা চালানোর আগে দুটি ট্যাংকারই তাদের নেভিগেশন ও আইডেন্টিফিকেশন সিস্টেম বা শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখেছিল। পরবর্তীতে জ্বলন্ত জাহাজ দুটিকে প্রণালীর দক্ষিণ উপকূলের কাছাকাছি ফেলে যাওয়া হয়।
রেভল্যুশনারি গার্ডের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে যে এই অননুমোদিত জলপথটি নিরাপদ নয়। একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতাকারী এবং এই রুট ব্যবহার করার চেষ্টাকারী যেকোনো জাহাজের ক্ষেত্রেও এমন পরিণতি হতে পারে বলে হুমকি দেওয়া হয়েছে।
তবে সরকারি ওই বিবৃতিতে ট্যাংকার দুটির নাম, সেগুলোর পতাকাবাহী দেশ কিংবা পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিষয়ে কিছু জানানো হয়নি। এমনকি হতাহতের আশঙ্কা বা নাবিকদের শারীরিক অবস্থা সম্পর্কেও কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। মার্কিন যুদ্ধবিমানের জড়িত থাকার যে দাবি করা হয়েছে, সে বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
হরমুজ প্রণালিতে এর আগেও বেশ কিছু সামুদ্রিক ঘটনা ঘটার পর সর্বশেষ এই ঘোষণা এল। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার জেরে বাণিজ্যিক জাহাজের চলাচলের ওপর ইরান বেশ কিছু কড়াকড়ি আরোপ করেছে।
হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং এটি বিশ্বব্যাপী তেল ও গ্যাস পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট হিসেবে পরিচিত।
গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর এই জলপথে বাণিজ্যিক চলাচল চরম ব্যাঘাতের মুখে পড়ে। সেই হামলার ফলে সৃষ্ট আঞ্চলিক সংঘাত এবং নেভিগেশন বা চলাচলের অধিকার নিয়ে দীর্ঘমেয়াদি বিরোধের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
