যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটররা গত মঙ্গলবার জানিয়েছেন যে, নিউইয়র্কে কারাবন্দী এক ইরানি এজেন্ট ব্রিটিশ বিমানবাহিনীর একটি ঘাঁটিতে হামলার ব্যর্থ পরিকল্পনা পরিচালনা করেছিলেন। ওই ঘাঁটিতে মার্কিন বোমারু বিমান মোতায়েন রয়েছে। গ্লুচেস্টারশায়ারে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড নামের এই ঘাঁটিটি ইউরোপে মার্কিন বিমানবাহিনীর বোমারু বিমানের মূল কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।
নতুন একটি অভিযোগে প্রকাশ পেয়েছে যে, মোহাম্মাদ দাউদ আল-সাদি নিউইয়র্কে কারাবন্দী থাকা অবস্থাতেই এই হামলার পরিকল্পনা করেছিলেন। ইরান ও ইরাকের এই দ্বৈত নাগরিক পরিবারের কাছে করা টেলিফোন কলের সময় কোডেড বার্তার মাধ্যমে নির্দেশনা পাঠাতেন বলে অভিযোগ রয়েছে।
বার্তাগুলো ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের একজন এজেন্ট মোহসেন মোহাজেরির পাশাপাশি মোহাম্মাদ আলী আল-হাসানি নামের আরেক ইরানি নাগরিকের কাছে পৌঁছানো হতো। আদালতের নথিপত্র অনুযায়ী, আল-সাদি কাতায়েব হিজবুল্লাহ এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতেন।
প্রসিকিউটররা জানিয়েছেন, ইরানে মার্কিন যুদ্ধের প্রতিশোধ হিসেবে আল-সাদি এই অভিযানের আয়োজন করেছিলেন। নিউইয়র্কের দক্ষিণাঞ্চলীয় জেলা আদালত জানিয়েছে যে, ইউরোপে ১৮টি সন্ত্রাসী হামলার সঙ্গে সংযোগ এবং নিউইয়র্কে একটি সিনাগগে বোমা হামলার পৃথক ষড়যন্ত্রের অভিযোগ তাঁর বিরুদ্ধে আগেই আনা হয়েছিল।
আদালতের নথিতে বিস্তারিত বলা হয়েছে যে, আল-হাসানি অন্য ব্যক্তিদের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটির ওপর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছিলেন। ষড়যন্ত্রকারীরা ভ্যানগাড়ি, তেলের ড্রাম, রাসায়নিক দাহ্য পদার্থ এবং স্প্রিন্টার হিসেবে ব্যবহারের জন্য ধাতব বস্তু সংগ্রহের চেষ্টা চালিয়েছিল।
গত ২৭ সেপ্টেম্বর এক স্থানীয় কৃষক একটি পার্টি থেকে ফেরার পথে ঘাঁটির কাছের একটি রাস্তা অবরুদ্ধ করে রাখা ভ্যানগাড়ি দেখতে পেলে পরিকল্পনাটি ফাঁস হয়ে যায়। পরবর্তীতে সন্ত্রাসবাদ ও বিস্ফোরক আইন ভঙ্গের সন্দেহে লন্ডনের পাঁচ ব্যক্তিকে সংলগ্ন ওয়েলফোর্ড গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
ইরানের বিরুদ্ধে বোমা হামলা চালানোর সময় মার্কিন সামরিক বাহিনী আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি ব্যবহার করেছিল। গত জুলাই মাসে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস ঘোষণা করে যে, ইরানকে আঘাত হানতে ওয়াশিংটন কর্তৃক ব্যবহৃত যেকোনো বিদেশি ঘাঁটি বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে এবং তারা সুনির্দিষ্টভাবে ফেয়ারফোর্ডের নাম উল্লেখ করেছিল।
মার্কিন অ্যাটর্নি জেমি ম্যাকডোনাল্ড এক জনবক্তব্যে এই নেটওয়ার্কের কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। তিনি বলেন যে, আসামিরা মার্কিন সেনাসদস্যদের আবাসনযুক্ত ব্রিটিশ সামরিক স্থাপনার পাশাপাশি ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে।
ম্যাকডোনাল্ড আরও যোগ করেন যে, আল-সাদিকে ফেডারেল হেফাজতে নেওয়ার পরেও সন্দেহভাজন ব্যক্তিরা বিদেশে থাকা সহযোগীদের একটি নেটওয়ার্কের মাধ্যমে কার্যক্রমের সমন্বয় সাধন করে গেছে। পশ্চিমা বাহিনীর ব্যবহৃত সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে চলমান আন্তর্জাতিক উদ্বেগের বিষয়টি এই মামলার মাধ্যমে নতুন করে সামনে এসেছে।
