ইরান সমর্থিত হুথি মিলিশিয়াকে রাজনৈতিক, আর্থিক ও আইনগত দিক থেকে বিচ্ছিন্ন করতে একটি ব্যাপক কর্মপরিকল্পনা ঘোষণা করেছে আরব পার্লামেন্ট। একটি বিস্তৃত আঞ্চলিক ও আন্তর্জাতিক সংসদীয় উদ্যোগের মাধ্যমে এই গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার চেষ্টা করছে আইনসভাটি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে পরিষদ জানিয়েছে, সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের ধারাবাহিক হামলার বিরুদ্ধে একটি শক্ত আন্তর্জাতিক অবস্থান তৈরি করাই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য। পাশাপাশি অর্থায়ন ও অস্ত্র সরবরাহের উৎস বন্ধ করা এবং আন্তর্জাতিক আইনের আওতায় দায়ীদের জবাবদিহিতার মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই কৌশলটি মূলত চারটি প্রধান ধারায় পরিচালিত হবে। প্রথম ধারাটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যরাষ্ট্রের সংসদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণকারী রাজধানীগুলোকে লক্ষ্য করে কাজ করবে।
দ্বিতীয় ধারাটি রাজনীতি ও নিরাপত্তার ওপর জোর দেয়। এর লক্ষ্য হলো যেসব দেশ ও সংস্থা এখনো হুথি মিলিশিয়াকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করেনি, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নকে এই পদক্ষেপ নিতে চাপ প্রয়োগ করা।
সংসদীয় কূটনীতির অংশ হিসেবে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্তা মেৎসোল এবং ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চপ্রতিনিধি কায়া কালাসের সঙ্গে যোগাযোগ করা হবে। এই মিলিশিয়াকে আনুষ্ঠানিক সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করতে এবং এর শীর্ষ নেতা ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরও প্রসারিত করতে ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি আইনি প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানাবে আরব পার্লামেন্ট।
আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করার এই গোষ্ঠীর সক্ষমতা কমাতে সম্পদ ও তহবিল জব্দ করার মতো পদক্ষেপে জোর দেওয়া হয়েছে। তৃতীয় ধারাটি হলো বিচারিক, যার লক্ষ্য আন্তর্জাতিক বিচার ও আইনি জবাবদিহিতার প্রক্রিয়াগুলোকে সক্রিয় করা।
আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ারভুক্ত যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হুথিদের হামলা ও লঙ্ঘনগুলোর ওপর একটি নথিভুক্ত আইনি ফাইল প্রস্তুত করা হবে। রোম সংবিধির আওতায় আদালতের প্রসিকিউটর কার্যালয়ে একটি যোগাযোগপত্র জমা দেওয়া হবে এবং দায়ীদের বিচার করতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানানো হবে।
চতুর্থ ধারাটি হলো অর্থনৈতিক, যার উদ্দেশ্য অর্থায়নের নেটওয়ার্ক, চোরাচালানের রুট, বেনামি কোম্পানি ও আর্থিক লেনদেন বন্ধ করার মাধ্যমে তহবিল ও অস্ত্র সরবরাহের উৎস বিচ্ছিন্ন করা। সৌদি ভূখণ্ড এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর বিরুদ্ধে অপরাধমূলক হামলার জবাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই হামলাগুলো সৌদি আরবের নিরাপত্তা, সমুদ্র ও আকাশপথের চলাচল, বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যকে হুমকির মুখে ফেলছে। রিয়াদের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও অধ্যাপক ড. ওসামা ঘানেম আল-উবাইদি এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন যে, এই মিলিশিয়া সৃষ্টির শুরু থেকেই একটি সন্ত্রাসী সংগঠন এবং তাদের মূল লক্ষ্য ইয়েমেনের ধ্বংসসাধন ও অঞ্চলের অস্থিতিশীলতা তৈরি করা। এদিকে গত মাসে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এই আন্দোলনকে ইইউর সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছেন।
