আর্দ্রা প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সেসের সঙ্গে সংঘর্ষের পর গত শুক্রবার সকালে আল-খুওয়াইয়ের আশপাশের বেশ কয়েকটি এলাকা দখল করেছে সুদানের সেনা এবং তাদের মিত্র বাহিনী। সামরিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, সেনাবাহিনী আধাসামরিক বাহিনীটির ক্ষয়ক্ষতি সাধন করেছে এবং শহরের দিকে তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।
সুরাইফ আনকুশসহ আল-খুওয়াইয়ের নিকটবর্তী এলাকায় সেনা মোতায়েনের দৃশ্য সংবলিত ফুটেজ প্রকাশ করেছে সামরিক বাহিনী। আল-খুওয়াই পুনর্দখল করতে চাইছে সেনাবাহিনী। চলমান অভিযানের মধ্যে এই শহরটি তাদের নিয়ন্ত্রণে আসা পশ্চিম কর্ডোফানের প্রথম শহর হতে পারে।
উত্তর ও পশ্চিম কর্ডোফান রাজ্যের মাঝে অবস্থিত আল-খুওয়াই পশুপাখি কেনাবেচা এবং গাম অ্যারাবিক উৎপাদনের একটি অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র। গত ২০২৫ সালের মে মাসের শেষ দিক থেকে শহরটি র্যাপিড সাপোর্ট ফোর্সেসের নিয়ন্ত্রণে ছিল।
গত শনিবার আল-খুওয়াইয়ের উত্তর-পশ্চিমাঞ্চলের আয়াল বাখিত দখল করে সেনাবহিনী, যা আধাসামরিক বাহিনীটির সঙ্গে সংঘর্ষের পর অর্জিত হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। গত ২৫ অক্টোবর থেকে উত্তর, পশ্চিম এবং দক্ষিণ কর্ডোফানে লড়াই তীব্র হওয়ার পর এসব ঘটনা ঘটছে।
এর বাইরে গত শুক্রবার বিকেলে ব্লু নাইল রাজ্যের দান্দ্রো এলাকায় একটি কৌশলগত ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে সেনাবাহিনী। এক সংক্ষিপ্ত বিবৃতিতে সামরিক বাহিনী জানায়, বিমান প্রতিরক্ষা বাহিনী ইথিওপিয়া সীমান্ত পার হয়ে আসা একটি প্রতিকূল কৌশলগত ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে।
ড্রোনের নিয়ন্ত্রক কে বা এর উদ্দেশ্য কী ছিল, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি সামরিক বাহিনী। এর আগে গত ৩ নভেম্বর ইথিওপিয়া সীমান্ত পেরিয়ে ব্লু নাইলে প্রবেশ করা আরেকটি কৌশলগত ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছিল সেনাবাহিনী।
গত অক্টোবরে সুদানের বেশ কয়েকটি শহরের বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য স্থাপনায় হামলার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা কাউন্সিলে ইথিওপিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সুদান। আদ্দিস আবাবা বেশ কয়েকটি রাজ্যের স্থাপনাগুলো লক্ষ্যবস্তু বানাচ্ছে বলে অভিযোগ করে খার্তুম এবং জানায় যে হামলায় ব্যবহৃত ড্রোনগুলো ইথিওপীয় ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।
যুদ্ধের এই সময়ে বেসামরিক স্থাপনাগুলোতে হামলার জন্য সুদান কর্র্তৃপক্ষ ও মানবাধিকার সংগঠনগুলো র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দায়ী করে আসছে। তবে আধাসামরিক বাহিনীটি দাবি করে আসছে যে তারা বেসামরিক নাগরিকদের সুরক্ষায় কাজ করে থাকে।
উল্লেখ্য যে ২০২৩ সালের এপ্রিল মাস থেকে সেনাবাহিনী এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে লড়াই চলছে। জাতিসংঘের প্রাক্কলন অনুযায়ী এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
